ভাড়াবাড়ি নাকি নিজের ছাদ? উৎসবের মরশুমের আগেই আবাসন বাজার নিয়ে বিরাট আপডেট!

বাড়ি কেনার ইচ্ছা রয়েছে, কিন্তু সঠিক সময়ের অপেক্ষায় দিন গুনছেন? আপনি একা নন, আপনার মতো দেশের বহু মানুষই একই ভাবনাতে রয়েছেন। সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে, অর্থনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে আগামী দু’বছরের মধ্যেই নতুন ফ্ল্যাট বা বাড়ি কেনার পরিকল্পনা করছেন সম্ভাব্য ক্রেতাদের একটা বিরাট অংশ। তবে বর্তমান প্রজন্মের ক্রেতারা আর শুধু মুখের কথায় বা সস্তায় ফ্ল্যাট পেলে অন্ধের মতো ঝাঁপিয়ে পড়ছেন না। লোকেশন, বাড়ির সঠিক মাপ, যোগাযোগ ব্যবস্থা, আশপাশের পরিকাঠামো এবং সবচেয়ে বড় কথা—কবে হাতে চাবি মিলবে, সবকিছু একেবারে খুঁটিয়ে দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা।
আগামী ২ বছরেই বাড়ি কেনার ঝোঁক কলিয়ার্সের (Colliers) ‘হোমবাইং সেন্টিমেন্ট সার্ভে ২০২৬’ (Homebuying Sentiment Survey 2026)-এর রিপোর্টে দেশের ৩০টিরও বেশি উদীয়মান আবাসন বাজারের প্রায় ১,৮০০ জন সম্ভাব্য ক্রেতার মতামতের ভিত্তিতে এই তথ্য উঠে এসেছে। সমীক্ষা অনুযায়ী, প্রায় ৫০ শতাংশ সম্ভাব্য ক্রেতাই আগামী দু’বছরের মধ্যে আবাসন খাতে বিনিয়োগ করতে প্রবলভাবে আগ্রহী। এর মধ্যে প্রায় ৫১ শতাংশ মানুষই নিজের বসবাসের জন্য স্থায়ী ছাদ খুঁজছেন। কেডিওয়া এবং কানোদিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ড. গৌতম কানোদিয়ার মতে, ক্রেতারা এখন অর্থ খরচ করার আগে নিশ্চিত হতে চাইছেন যে তাঁরা উপযুক্ত মূল্যের বিনিময়ে সঠিক সম্পত্তিটি পাচ্ছেন কি না।
সবচেয়ে বড় চিন্তা দাম এবং ২-৩ BHK-এর চাহিদা সম্পত্তির আকাশছোঁয়া দাম ক্রেতাদের কাছে এখনও সবচেয়ে বড় মাথাব্যথার বিষয়। সমীক্ষায় প্রায় ৩১ শতাংশ মানুষ জানিয়েছেন, দাম এবং চাকরির নিরাপত্তাই তাঁদের মূল ভাবনা। এর পরেই রয়েছে বাড়ির আকার, নকশা এবং যাতায়াত ব্যবস্থার মতো বিষয়গুলি। বাজারের ট্রেন্ড বলছে, দেশের বেশিরভাগ ক্রেতাই (প্রায় ৬২ শতাংশ) ২ বা ৩ BHK ফ্ল্যাট পছন্দ করছেন। যেখানে সাধারণত ৫০ লক্ষ থেকে ১.৫ কোটি টাকার মধ্যে বাজেট রাখছেন প্রায় ৪৬ শতাংশ ক্রেতা। তবে শহরভেদে চাহিদার তারতম্য রয়েছে; যেমন মুম্বইয়ের মতো জায়গায় ছোট বা প্রয়োজনমাফিক (compact) বাড়ির চাহিদা বেশি, তেমনই দিল্লি-এনসিআর বা বেঙ্গালুরুতে বড় ফ্ল্যাটের কদর রয়েছে।
নির্মাণের ঝুঁকি নাকি তৈরি ফ্ল্যাট? সমীক্ষার অন্যতম আকর্ষণীয় দিক হলো ক্রেতাদের মানসিকতার বদল। ৬০ শতাংশেরও বেশি মানুষ এখন আংশিক বা সম্পূর্ণ তৈরি বাড়ির দিকে ঝুঁকছেন, যাতে দ্রুত হাতে চাবি পাওয়া যায়। তবে বয়সের তার ভেদে এর অন্যথাও দেখা গিয়েছে। ৩০ বছরের কম বয়সি তরুণ ক্রেতাদের প্রায় অর্ধেকই আবার নির্মীয়মাণ (under-construction) প্রকল্পে বিনিয়োগ করতে পিছপা হচ্ছেন না, কারণ সেখানে শুরুর দিকে তুলনামূলক কম খরচে ফ্ল্যাট বুক করার সুযোগ মেলে। অন্যদিকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকি নেওয়ার প্রবণতা কমে যায় এবং দ্রুত ফ্ল্যাটে ওঠার নিশ্চয়তাটাই বড় হয়ে ওঠে।
সবমিলিয়ে, উৎসবের মরশুমের ঠিক প্রাক্কালে আবাসন বাজার নিয়ে এই ইতিবাচক চিত্র নির্মাতাদের মধ্যেও নতুন আশার সঞ্চার করেছে। তবে ক্রেতাদের মন জয় করতে এখন শুধু সস্তা দাম বা নতুন প্রজেক্ট ঘোষণা করলেই চলবে না, গুণমান ও সময়ের সঠিক প্রতিশ্রুতিও দিতে হবে ডেভেলপারদের।