“অসুস্থ শরীরেই কলেজ যেতে বাধ্য করা হয়েছিল!” বি.টেক ছাত্রীর রহস্যমৃত্যুতে উত্তাল প্রয়াগরাজ, দুই ঘণ্টা অবরুদ্ধ মির্জাপুর রোড

অসুস্থ অবস্থাতেও কলেজে আসার চাপ দেওয়ার অভিযোগ! আর তার জেরে এক মেধাবী বি.টেক ছাত্রীর মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন সহপাঠীরা। বৃহস্পতিবার প্রয়াগরাজের ইন্ডাস্ট্রিয়াল থানা এলাকার ইউনাইটেড কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ-এর বাইরে তুমুল বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। এই মৃত্যর নিরপেক্ষ তদন্ত এবং কলেজ প্রশাসনের শাস্তির দাবিতে প্রায় দুই ঘণ্টা ধরে মির্জাপুর রোড অবরোধ করে রাখেন তাঁরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রী গুণ গুপ্তা ওই কলেজের পঞ্চম সেমিস্টারের বি.টেক ছাত্রী ছিলেন। অভিযোগ, সামান্য অসুস্থ থাকার পরও তাঁকে কলেজে আসতে বাধ্য করা হয়েছিল। এর চার দিন আগে তাঁর মৃত্যু হয়। আর এই খবর প্রকাশ্যে আসতেই কলেজ ক্যাম্পাসের বাইরে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী জড়ো হয়ে বিক্ষোভে ফেটে পড়েন। উত্তাল হয়ে ওঠে গোটা চত্বর।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের স্পষ্ট দাবি, ছাত্রীটির অসুস্থতার বিষয়টি সম্পূর্ণ উপেক্ষা করেছিল কলেজ কর্তৃপক্ষ। এই পুরো ঘটনায় কলেজ প্রশাসনের ভূমিকা অত্যন্ত সন্দেহজনক এবং এর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। একইসঙ্গে মৃত ছাত্রীর পরিবারের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে তাঁর জমাকৃত সমস্ত ফি ফেরত দেওয়া এবং পরিবারকে উপযুক্ত আর্থিক সাহায্যের দাবিও তুলেছেন তাঁরা।

হঠাৎ এই বড়সড়ো সড়ক অবরোধের জেরে মির্জাপুর রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তার দুই দিকে যানবাহনের দীর্ঘ সারি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। যদিও এই চাঞ্চল্যকর অভিযোগ এবং বিক্ষোভের বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।