ভোটের বাদ্যি বেজে গিয়েছে, দোরগোড়ায় নির্বাচন। ঠিক এই চূড়ান্ত মুহূর্তেই বড়সড় ভাঙন ধরল তৃণমূল শিবিরে। দলের অন্দরের কোন্দল ও ক্ষোভের জেরে এবার দল ছাড়লেন মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভার বিদায়ী বিধায়ক আব্দুর রাজ্জাক। নির্বাচনের মাত্র ৮ দিন আগে তাঁর এই সিদ্ধান্ত মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের ভোট সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
টিকিট না পাওয়াতেই কি ক্ষোভ?
২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট পাননি আব্দুর রাজ্জাক। তারপর থেকেই তিনি কার্যত ‘নিষ্ক্রিয়’ হয়ে ঘরে বসেছিলেন। বুধবার সন্ধ্যায় জলঙ্গিতে নিজের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল ত্যাগের কথা ঘোষণা করেন।
তৃণমূল ত্যাগের ঘোষণা:
সাংবাদিকদের সামনে আব্দুর রাজ্জাক দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর দাবি, দলের জন্য কাজ করলেও তাঁকে গুরুত্ব দেওয়া হয়নি। ভোটের মুখে তাঁর এই দলত্যাগ জলঙ্গিতে তৃণমূলের ভোট ব্যাঙ্কে বড়সড় ফাটল ধরাতে পারে। তবে তিনি অন্য কোনো দলে যোগ দিচ্ছেন কি না, তা নিয়ে এখনও স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি বিদায়ী বিধায়ক।





