ভোটের মরশুমে রাজনৈতিক উত্তাপ চরমে! দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন শিবসেনার বিভাগীয় প্রধান

মারাঠাভূমে রাজনৈতিক হিংসার এক নৃশংস ও চাঞ্চল্যকর অধ্যায় সামনে এল। মঙ্গলবার গভীর রাতে মহারাষ্ট্রের থানে জেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বেপরোয়া গুলিবর্ষণে খুন হলেন উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা (UBT)-এর হেভিওয়েট বিভাগীয় প্রধান প্রদীপ পুরনেকর। এই হামলার জেরে গোটা থানেজুড়ে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ও থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে প্রাপ্ত খবরে জানা গিয়েছে, মঙ্গলবার রাত আনুমানিক ন’টা নাগাদ থানের কাপুরবাওড়ি থানা এলাকার ব্যস্ত রাস্তায় প্রদীপ পুরনেকরের উপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র দুর্বৃত্তরা। তাঁকে লক্ষ্য করে কেবল খুব কাছ থেকে দুই রাউন্ড গুলিই চালানো হয়নি, পাশাপাশি উপুর্যপরি মারধরও করা হয় বলে অভিযোগ। গুলিতে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় প্রদীপকে তৎক্ষণাৎ ঘোড়বন্দর রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই স্থানীয় নেতা।
ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল। অপরাধের নমুনা সংগ্রহের জন্য ফরেন্সিক বিশেষজ্ঞ দল পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায়। হামলাকারীরা ঠিক কোন উদ্দেশ্যে এই কান্ড ঘটিয়েছে এবং কোন পথ ধরে তারা পালিয়েছে, তা নিশ্চিত করতে ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের গ্রেফতারে থানের সমস্ত প্রবেশ ও প্রস্থান পথে পুলিশি ‘নাকাবন্দি’ বা কড়া চেকপোস্ট বসানো হয়েছে।
প্রাথমিকভাবে রাজনৈতিক বিরোধ নাকি পূর্বশত্রুতা—কোন নেপথ্য কারণে এই মর্মান্তিক হত্যাকাণ্ড, তা এখনও স্পষ্ট করে বলতে পারেনি প্রশাসন। তবে ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র উদ্বেগ দানা বেঁধেছে। শিবসেনা (UBT)-র শীর্ষ নেতৃত্ব অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবি তুলে রাজ্য সরকারের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন। পুলিশ গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।