বালোচিস্তানে প্রথমবার মহিলা কমান্ডোদের মুখোমুখি হামলা, নিহত ৯ পাক সেনা!

অশান্ত বালোচিস্তানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর নেমে এল এক অভূতপূর্ব ও মারাত্মক আঘাত। বালোচ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট’ (বিএলএফ)-এর নবগঠিত সম্পূর্ণ মহিলা যোদ্ধাদের ব্রিগেড ‘করিমা আর্মড অ্যাসল্ট ডিভিশন’ (কেএএডি) প্রথমবার সরাসরি ময়দানে নেমে হামলা চালাল পাক সেনার কনভয়ে। তুরবতের সিপিসি (CPEC) জাতীয় সড়কে এই অতর্কিত সশস্ত্র অভিযানে নিহত হয়েছে অন্তত নয়জন পাকিস্তানি সেনা।

সংগঠনের মুখপাত্র মেজর গোয়াহরাম বালোচ জানিয়েছেন, নিহত অধিকারকর্মী করিমা বালোচের স্মরণে গঠিত এই মহিলা শাখা অত্যন্ত সুশৃঙ্খলভাবে একে-৪৭ রাইফেল নিয়ে পাক সেনার কুইক রেসপন্স ফোর্সের তিনটি গাড়িতে হামলা চালায়। ভিডিওতে দেখা গেছে, মাত্র চার-পাঁচ ফুট দূর থেকে সাঁজোয়া গাড়ির ওপর বৃষ্টির মতো গুলি চালাচ্ছেন মহিলা যোদ্ধারা। পুরো অপারেশনে পাক সেনাবাহিনীর একাধিক গাড়ি ধ্বংস হয়েছে। ডেরা বুগতি ও কালাত এলাকায় পৃথক হামলায় সরকারি পরিকাঠামোও নিশানা করা হয়েছে। সম্মুখ সমরে সশস্ত্র মহিলা বাহিনীর এমন আক্রমণ পাকিস্তানে এই প্রথম, যা বালোচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের তীব্রতাকে এক নতুন ও আশঙ্কাজনক মোড়ে নিয়ে গেল।