কসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে, আর তার মাঝেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে বড়সড় সাফল্যের দাবি করল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় এক বিশাল সংখ্যক ‘বিবেচনাধীন’ ভোটারের আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। কমিশন সূত্রে খবর, প্রায় ৬০ লক্ষ ঝুলে থাকা আবেদনের মধ্যে ইতিমধ্যেই ৫২ লক্ষ ভোটারের তথ্যের নিষ্পত্তি সম্পন্ন হয়েছে।
এ দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর এসআইআর সংক্রান্ত অষ্টম অতিরিক্ত তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় প্রায় ৩ লক্ষ নতুন নাম ও তথ্যের নিষ্পত্তি হয়েছে। বর্তমানে এখনও প্রায় ৮ লক্ষ আবেদন বিচারপ্রক্রিয়াধীন রয়েছে। তবে কমিশনের তরফে স্পষ্ট আশ্বাস দেওয়া হয়েছে যে, প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ ৬ এপ্রিলের আগেই বাকি সব আবেদন নিষ্পত্তি করে ফেলা হবে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’ ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে ৭০৫ জন বিচারক এই বিশাল কাজ সম্পন্ন করছেন। কমিশনের দাবি, বিচারকদের দেওয়া তথ্য প্রক্রিয়াকরণ করতে ৪-৬ ঘণ্টা সময় লাগছে। এদিকে, তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে। মালদহ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ এবং বিচারকদের ঘেরাও করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট করাতে কমিশন ইতিমধ্যে রাজ্যের মুখ্যসচিব ও পুলিশ কর্তাদের কড়া নির্দেশ দিয়েছে।





