হরমুজ প্রণালীতে চরম সংঘাত! একের পর এক মার্কিন বিমান গুঁড়িয়ে দেওয়ার দাবি তেহরানের, ঘনীভূত রহস্য

মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার সংঘাত এবার এক ভয়ঙ্কর মোড় নিল। শনিবার ইরানের সরকারি সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’ দাবি করেছে, তারা কুয়েতে একটি মার্কিন CH-47 হেলিকপ্টারকে নিশানা করেছে। এর পাশাপাশি ইরানের ‘মেহের নিউজ এজেন্সি’র দাবি, ভেঙে পড়া একটি মার্কিন F-15E যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করতে যাওয়ার সময় আরও একটি মার্কিন হেলিকপ্টারে মিসাইল হানা চালিয়েছে তেহরান।
সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, ইরানের আকাশে ভেঙে পড়া F-15E যুদ্ধবিমানের একজন চালককে জীবিত অবস্থায় উদ্ধার করেছে মার্কিন বাহিনী। তবে বিমানে থাকা দ্বিতীয় চালকের ভাগ্য এখনও অনিশ্চিত। তাঁর সন্ধানে জোরকদমে ‘সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন’ চালানো হচ্ছে। ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে নিশ্চিত করা গেছে যে, বিমানটি ব্রিটেনের আরএএফ লেকেনহিথ ঘাঁটির ৪৯৪তম ফাইটার স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত।
এই উত্তপ্ত আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, “এটা যুদ্ধ। আমরা একটা যুদ্ধের মধ্যে আছি।” নিখোঁজ চালক ইরানের হাতে ধরা পড়লে আমেরিকা কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে তিনি এখনই মুখ খুলতে চাননি। তবে আলোচনার পথ বন্ধ হচ্ছে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
উত্তেজনা আরও বাড়িয়ে আল জাজিরা জানিয়েছে, ইরান এবার একটি মার্কিন A-10 অ্যাটাক বিমান ধ্বংস করার দাবি করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে এই হামলা চালানো হয়েছে বলে দাবি তেহরানের। যদিও পেন্টাগন বা হোয়াইট হাউস এখনও এই দাবির সত্যতা নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।