চাকরি ছাড়লে পকেটে টান? আর নয়! মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই মিলবে সম্পূর্ণ বকেয়া টাকা

কর্মচারীদের স্বার্থে দেশজুড়ে কার্যকর হলো নতুন শ্রম আইন, ২০২৬। এবার থেকে কোনও সংস্থা ছাড়লে বা ছাঁটাই হলে, বকেয়া টাকা (Full and Final Settlement) পাওয়ার জন্য আর মাসের পর মাস অপেক্ষা করতে হবে না। নতুন নিয়ম অনুযায়ী, পদত্যাগ বা বরখাস্তের মাত্র দুই কার্যদিবসের মধ্যেই কোম্পানিকে কর্মচারীর সমস্ত পাওনা মিটিয়ে দিতে হবে। আগে এই প্রক্রিয়ায় ৪৫ থেকে ৯০ দিন সময় লাগত, যা এখন অতীত।
নতুন আইনের মূল বিশেষত্ব:
মজুরি আইন ২০১৯-এর অধীনে এই যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে শেষ মাসের বেতন, অর্জিত ছুটির টাকা (Leave Encashment), বোনাস, ইনসেন্টিভ এবং ভ্রমণ ভাতা—সবই অন্তর্ভুক্ত থাকবে। কোম্পানি বন্ধ হয়ে গেলেও এই নিয়ম কার্যকর হবে।
গ্র্যাচুইটিতে বড় চমক:
আগে টানা ৫ বছর কাজ না করলে গ্র্যাচুইটি মিলত না। কিন্তু নতুন নিয়মে মাত্র ১ বছর চাকরি করলেই গ্র্যাচুইটির সুবিধা পাবেন কর্মীরা। চাকরি ছাড়ার ৩০ দিনের মধ্যে এই টাকা মিটিয়ে দেওয়া বাধ্যতামূলক। ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হওয়া এই আইন বেসরকারি সেক্টরের লক্ষ লক্ষ কর্মীর জন্য এক বিরাট স্বস্তি।