উত্তরবঙ্গে প্রথম দফার ভোটের আগে পারদ চড়ছে শিলিগুড়িতে। তৃণমূলের নির্বাচনী পোস্টার, ব্যানার ছেঁড়া এবং বিকৃত করার অভিযোগে এবার সরাসরি রাস্তায় নামলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব। সোমবার শিলিগুড়ির কোর্ট মোড়ে গান্ধীমূর্তির পাদদেশে দলীয় সমর্থকদের নিয়ে অবস্থান বিক্ষোভে বসেন তিনি। তাঁর অভিযোগ, হার নিশ্চিত জেনেই নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি।
কী অভিযোগ তৃণমূলের? শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের সেভক রোড, পাঞ্জাবিপাড়া, সুভাষপল্লি-সহ একাধিক এলাকায় তৃণমূলের ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গৌতম দেবের দাবি:
“আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার ছবির ওপর নরেন্দ্র মোদির স্টিকার মেরে মুখ বিকৃত করা হচ্ছে। বিজেপি সরাসরি লড়াই করতে না পেরে এসব করছে। আমরা নির্বাচন কমিশন ও পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।”
পাল্টা চ্যালেঞ্জ শঙ্কর ঘোষের: তৃণমূলের এই অবস্থানকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর পালটা তোপ, “এসব তৃণমূলের সাজানো নাটক। ওদের নিজেদের লোকেরাই এসব করে আমাদের ওপর দায় চাপাচ্ছে। বিজেপি এসব করে না।” এখানেই থামেননি তিনি, শঙ্কর ঘোষ সপাটে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “যদি ক্ষমতা থাকে, তবে দোষী গ্রেফতার না হওয়া পর্যন্ত গৌতম দেব অবস্থানে বসে থাকুন।”
অভিষেকের সভার আগে তপ্ত শিলিগুড়ি: উল্লেখ্য, সোমবার বিকেলেই শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের ময়দানে নির্বাচনী জনসভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেনাপতি আসার কয়েক ঘণ্টা আগেই এই অবস্থান বিক্ষোভ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অবস্থানে গৌতম দেবের পাশে দেখা গিয়েছে ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও জেলা তৃণমূল চেয়ারম্যান সঞ্জয় টিবরেওয়ালকেও।
আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গে ভোটগ্রহণ। তার আগে পোস্টার-ব্যানার ছেঁড়া নিয়ে দুই হেভিওয়েট প্রার্থীর এই বাগযুদ্ধ শিলিগুড়ির রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলল।





