ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে? দুশ্চিন্তা ছাড়ুন! ট্রাইবুনালে আবেদনের নিয়ম জানাল কমিশন!

গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই শুরু হয়েছিল বিচারপ্রক্রিয়া বা অ্যাডজুডিকশন। প্রায় ৬০ লক্ষ নাম ছিল বিচারাধীন তালিকায়। সেই প্রক্রিয়ার পর একের পর এক সাপ্লিমেন্টারি লিস্টে বহু মানুষের নাম বাদ যাওয়ায় ছড়িয়েছে চাঞ্চল্য। এবার তাঁদের জন্যই স্বস্তির খবর দিল নির্বাচন কমিশন। নাম বাদ গেলে কীভাবে ট্রাইবুনালে আবেদন করতে হবে, সেই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করা হলো।

ট্রাইবুনালে আবেদনের দুই পথ
যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা যাতে দ্রুত আইনি প্রতিকার পান, তার জন্য রাজ্যে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। আবেদন করা যাবে মূলত দুইভাবে:

১. অনলাইন পদ্ধতি (সবচেয়ে সহজ):

প্রথমে কমিশনের ওয়েবসাইট voter.eci.gov.in-এ যান।

সেখানে গিয়ে ‘Submit Appeals for Individuals’ ট্যাবে ক্লিক করুন।

প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সাবমিট করলেই আপনার প্রক্রিয়া শুরু হবে।

২. অফলাইন পদ্ধতি:

যাঁরা অনলাইন ব্যবস্থার সঙ্গে স্বচ্ছন্দ নন, তাঁরা সরাসরি নিজের এলাকার জেলাশাসক (DM) বা মহকুমাশাসকের (SDO) দপ্তরে গিয়ে আবেদন করতে পারেন।

একটি সাদা কাগজে পরিষ্কার করে নিজের বক্তব্য লিখে সাথে এপিক (EPIC) কার্ডের নম্বর জমা দিতে হবে।

সংশ্লিষ্ট অফিস থেকেই আপনার হয়ে অনলাইনে আবেদনের ব্যবস্থা করে দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?
কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, সবাই এই ট্রাইবুনালে আবেদন করতে পারবেন না।

শুধুমাত্র যাঁদের নাম ‘অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন অবস্থায় থাকার পর সাপ্লিমেন্টারি লিস্টে বাদ গিয়েছে, তাঁরাই এখানে আবেদন করার সুযোগ পাবেন। পুরনো তালিকা থেকে আগে যাঁদের নাম বাদ গিয়েছিল, তাঁরা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

বিপুল সংখ্যক নাম বাতিল!
পরিসংখ্যান বলছে, ৬০ লক্ষ বিচারাধীন নামের মধ্যে শুক্রবার পর্যন্ত প্রায় ৫৪ লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। উদ্বেগের বিষয় হলো, এর মধ্যে প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ নামই তালিকা থেকে বাদ পড়েছে। এই বিশাল সংখ্যক মানুষের কথা মাথায় রেখেই ট্রাইবুনালে আবেদনের পথ প্রশস্ত করল কমিশন।

বর্তমানে ট্রাইবুনাল এই আবেদনগুলোর শুনানি করবে। তাই আপনিও যদি এই তালিকার অন্তর্ভুক্ত হন, তবে দেরি না করে দ্রুত কমিশনের নির্দেশিকা মেনে আবেদন সেরে ফেলুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy