রণক্ষেত্র বহরমপুর! সরু গলিতে অধীর বনাম তৃণমূল, মেজাজ হারিয়ে ধাক্কাধাক্কি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও

ভোটের প্রচার শুরু হতেই উত্তপ্ত মুর্শিদাবাদের বহরমপুর। শনিবার সকালে বহরমপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে প্রচার চলাকালীন তৃণমূল কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। পরিস্থিতি এতটাই চরমে ওঠে যে, দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং ঘটনাস্থলে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের কর্মীদের বিরুদ্ধে।
এদিন সকালে বিটি বটতলা এলাকার একটি সরু গলিতে প্রচার করছিলেন অধীর চৌধুরী। ঠিক সেই সময়েই বিপরীত দিক থেকে তৃণমূলের কাউন্সিলার তথা জেলা যুব সভাপতি ভীষ্মদেব কর্মকারের নেতৃত্বে মিছিল আসে। সরু গলিতে দুই পক্ষ মুখোমুখি হতেই বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে তা হাতাহাতির রূপ নেয়। দু’দলের সমর্থকরা একে অপরের দিকে পতাকা নিয়ে তেড়ে যান। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়।
ঘটনার পর অধীর চৌধুরী বলেন, “প্রার্থী হিসেবে প্রচার করা আমার অধিকার। তৃণমূলের সাহস নেই কংগ্রেস কর্মীকে মারার, তাই ধাক্কাধাক্কি করেছে।” অন্যদিকে, ভীষ্মদেব কর্মকারের দাবি, অধীর চৌধুরী অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরু গলিতে ঢুকে পড়াতেই বিপত্তি ঘটেছে। উল্লেখ্য, দীর্ঘ ৩০ বছর পর ফের বিধানসভা নির্বাচনে লড়াই করছেন অধীর। তাঁর বিপরীতে তৃণমূলের নাড়ুগোপাল মুখোপাধ্যায় এবং বিজেপির বিদায়ী বিধায়ক সুব্রত মৈত্রের লড়াই বহরমপুরকে এবার হাইভোল্টেজ কেন্দ্রে পরিণত করেছে।