ভোটার লিস্টে বড় বদল! বাড়ি বাড়ি তথ্য যাচাই শুরু করল নির্বাচন কমিশন, কী জানা গেল?

ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ত্রিপুরায় শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক বৃজেশ পাণ্ডে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে আগামী ১ অক্টোবরকে বয়স নির্ধারণের ভিত্তি ধরে এবং ২০০৫ সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং করে এই সংশোধনের কাজ করা হবে। নির্বাচন দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ২১ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২১ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত খসড়া তালিকার ওপর দাবি ও আপত্তি জানানো যাবে এবং ১৯ ডিসেম্বরের মধ্যে তা নিষ্পত্তি করা হবে। সমস্ত প্রক্রিয়া শেষে আগামী ২৩ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। বর্তমানে ত্রিপুরার ৬০টি বিধানসভা কেন্দ্রে মোট ৩,৩৫৬টি পোলিং বুথ রয়েছে এবং রাজ্যে মোট ভোটারের সংখ্যা প্রায় ২৮ লক্ষ ৯৭ হাজার, যার মধ্যে প্রায় ১৪ লক্ষ ৫২ হাজার পুরুষ এবং ১৪ লক্ষ ৪৫ হাজার মহিলা ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন। মুখ্য নির্বাচন আধিকারিক আরও জানান যে, ২০০৫ সালের ভোটার তালিকার ভিত্তিতে বুথ লেভেল অফিসাররা (BLOs) SIR ম্যাপিংয়ের কাজ পরিচালনা করছেন। ভোটার তালিকায় নাম তোলা, সংশোধন বা বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের নির্দিষ্ট ৬, ৭ এবং ৮ নম্বর ফর্ম পূরণ করতে হবে। এছাড়া সাধারণ মানুষ চাইলে নির্বাচন কমিশনের Election Commission of India অফিশিয়াল পোর্টাল বা ECINET Application মাধ্যমে অনলাইনেও আবেদন করতে পারবেন। এই বিশেষ সংশোধনের মূল লক্ষ্য হলো কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে এবং কোনো অবৈধ নাম যেন তালিকায় না থাকে। এই পুরো কার্যক্রমে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের পূর্ণ সহযোগিতা কামনা করেছে নির্বাচন কমিশন।