ভোটার লিস্টে আপনার নাম কি যোগ হলো? ‘SIR’ বা এনুমারেশন ফর্ম সাবমিটের পর এভাবে যাচাই করুন ঘরে বসেই

আপনি কি ভোটার তালিকায় নাম যুক্ত করার জন্য ‘SIR’ (ফরম) বা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন, অথবা অনলাইনে সংশোধনের কাজ সেরেছেন? কিন্তু শেষ পর্যন্ত আপনার কাজটি সফল হলো কী না, তা জানা জরুরি। এই পুরো প্রক্রিয়াটি যাচাই করার জন্য আপনাকে নির্বাচন কমিশনের পোর্টালে প্রবেশ করতে হবে। এই পদ্ধতি মোটেই জটিল নয়। আপনার বাড়িতে ইন্টারনেট সংযোগ থাকলেই, ফোন বা কম্পিউটার ব্যবহার করে ঘরে বসেই এই যাচাইয়ের কাজটি সেরে ফেলতে পারবেন।
কীভাবে করবেন এই কাজ?
ভোটার তালিকায় আপনার বুথ লেভেল অফিসার (বিএলও) আপনার নাম যুক্ত করেছেন কিনা, তা জানতে হলে প্রথমেই আপনাকে সরকারি ওয়েবসাইটে যেতে হবে। এর জন্য আপনি হয় NVSP (National Voters’ Service Portal) অথবা সংশ্লিষ্ট রাজ্যের CEO (Chief Electoral Officer)-এর সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। উল্লেখ্য, অনেক রাজ্যেরই ভোটার তথ্য যাচাইয়ের জন্য নিজস্ব পোর্টাল রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের নিজস্ব পোর্টাল আছে।
ভোটার তালিকায় অনুসন্ধান (Search in Electoral Roll)
ওয়েবসাইটে ঢোকার পর আপনাকে ‘Search in Electoral Roll’ (ভোটার তালিকায় অনুসন্ধান) অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার কাছে দুটি মূল বিকল্প থাকবে:
বিবরণ দ্বারা অনুসন্ধান (Search by Details): এই পদ্ধতিতে আপনার নাম, পিতার/স্বামীর নাম, বয়স, জন্ম তারিখ, লিঙ্গ, এবং রাজ্যের নাম ইত্যাদি বিবরণ দিয়ে অনুসন্ধান করতে হবে।
এপিক নম্বর দ্বারা অনুসন্ধান (Search by EPIC No.): এটি সবচেয়ে সহজ পদ্ধতি। এই ক্ষেত্রে আপনাকে শুধু আপনার ভোটার কার্ডে থাকা এপিক নম্বরটি সাবমিট করতে হবে।
সঠিক তথ্য দিয়ে অনুসন্ধান করার পর ক্যাপচা (Captcha) পূরণ করে সংশ্লিষ্ট পেজে লগইন করুন। এরপরই আপনি আপনার ভোটার কার্ডের আপডেট সহ সমস্ত তথ্য যাচাই করে নিতে পারবেন।
যদি নাম খুঁজে না পান, তাহলে কী করণীয়?
যদি অনুসন্ধান করেও আপনি ভোটার তালিকায় আপনার নাম খুঁজে না পান, তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এর অর্থ হতে পারে যে আপনার জমা দেওয়া এনুমারেশন ফর্মটি এখনও প্রক্রিয়াধীন (Under Process) রয়েছে এবং পোর্টালে সেটি আপলোড হতে সময় লাগছে। এই অবস্থায় নিশ্চিত হওয়ার জন্য আপনি আপনার এলাকার বিএলও-র সঙ্গেও যোগাযোগ করতে পারেন।