ভোটার তালিকা নিয়ে চরম উত্তেজনা! BLO-এর বাড়িতে মধ্যরাতে দুষ্কৃতী হামলা, ইঁটবৃষ্টি, থানায় অভিযোগ

উত্তর ২৪ পরগনার খড়দায় ভোটের কাজ করা এক বিএলও (বুথ লেভেল অফিসার)-এর বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। খোদ সরকারি কর্মীর বাড়িতে এমন তাণ্ডবের ঘটনায় কার্যত কাঁপছে এলাকা।

জানা যাচ্ছে, খড়দার ৪৩ নম্বর বুথের বিএলও মানব চন্দ। তাঁর বাড়ি খড়দার সূর্য সেন নগরে। তাঁর অভিযোগ, সোমবার গভীর রাতে জনা কয়েক দুষ্কৃতী হঠাৎই তাঁর বাড়িতে চড়াও হয়। অভিযোগ, প্রথমে বাইরে থেকে এলোপাথাড়ি ইঁট ছোড়া হয়। এরপর দরজায় লাথি মেরে ভয় দেখানো হয়। এই ঘটনায় তিনি এবং তাঁর পরিবার চরম আতঙ্কিত।

ভয়াবহ এই ঘটনার পরই বিএলও মানব চন্দ খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার রাতে খড়দা থানায় এসে বিক্ষোভ দেখান অন্যান্য বিএলও-রাও। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি— অভিযুক্তদের গ্রেফতার না করা হলে তাঁরা কাজ বন্ধ করে দেবেন। তবে, পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।