ভোটার কার্ডে মণ্ডল, লিস্টে মোল্লা! পদবি ভুলে মানসিক অস্থিরতা, বৃদ্ধের আত্মহত্যা!

রাজ্যে SIR (স্পেশাল এনরোলমেন্ট রিকগনিশন) আতঙ্ক এবার দক্ষিণ দিনাজপুরে এক বৃদ্ধের প্রাণ কেড়ে নিল। মঙ্গলবার সকালে কুমারগঞ্জের আগাছা এলাকায় ওছমান মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধের বাড়িতে গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, ভোটার তালিকায় পদবি ‘মোল্লা’ এবং আধার ও ভোটার কার্ডে ‘মন্ডল’ থাকার এই গুরুতর গরমিল নিয়ে তিনি তীব্র মানসিক অস্থিরতায় ভুগছিলেন।

পরিবারের অভিযোগ ও তৃণমূলের দাবি

মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ওছমান মন্ডল আতঙ্কে ছিলেন। এই পদবি বিভ্রাট নিয়ে অনেকেই তাঁকে নানা কথা বলতেন। স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসের পরেও তিনি আতঙ্ক থেকে বেরোতে পারেননি এবং সোমবার মধ্যরাতে আত্মঘাতী হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আনিসুর রহমান সরকার। তিনি শোকাহত পরিবারের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেন। তিনি বলেন, “বিজেপির তৈরি করা SIR আতঙ্কের কারণেই এই মৃত্যু হয়েছে।”

বিজেপির পাল্টা অভিযোগ

অন্যদিকে, তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার পাল্টা অভিযোগ করে বলেন, “বেশির ভাগ ক্ষেত্রেই মৃত্যুর কারণ আলাদা হচ্ছে অথচ সব SIR আতঙ্কে মৃত্যু বলে চালাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস।”

পুলিশ সূত্রে খবর, কুমারগঞ্জ থানার রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের আগাছা এলাকার বাসিন্দা ওছমান মন্ডলের দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, সোমবারই হুগলিতে SIR-এর একই ধরনের আতঙ্কে এক মহিলা তাঁর মেয়েকে বিষ খাইয়ে নিজে আত্মঘাতী হয়েছিলেন বলে খবর সামনে এসেছিল। এই পরিস্থিতিতে রাজ্যে SIR আতঙ্ক ঘিরে রাজনৈতিক চাপান-উতোর ক্রমশ বাড়ছে।