“ভোটগণনার ঠিক আগে চরম সংঘাত!”-স্ট্রংরুমের সামনেই ধুন্ধুমার তৃণমূল-বিজেপি, চলল লাঠি?

কাল ভাগ্য নির্ধারণ। তার ঠিক কয়েক ঘণ্টা আগে স্ট্রংরুম পাহারা দেওয়াকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল বিধাননগর গভর্নমেন্ট কলেজ চত্বর। শনিবার রাতে তাঁবু খাটানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে মাঝরাতেই নামাতে হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।

অশান্তির নেপথ্যে কী? জানা গিয়েছে, স্ট্রংরুমের বাইরে রাজনৈতিক দলগুলোর ক্যাম্প অফিস বা তাঁবু খাটানো নিয়ে বিবাদের সূত্রপাত। বিজেপির অভিযোগ, তারা নিয়ম মেনে ক্যাম্প তৈরি করলেও তৃণমূল কর্মীরা সেখানে ঢুকে জোরপূর্বক নিজেদের পতাকা লাগিয়ে দেয়। অন্যদিকে, তৃণমূল শিবিরের পাল্টা দাবি, কোনো আলোচনা না করেই বিজেপি আচমকা সেখানে তাঁবু খাটানোর চেষ্টা করছিল।

তৃণমূলের নিশানায় কেন্দ্রীয় বাহিনী: ঘটনা কেবল স্লোগান বা বচসার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, দ্রুত তা হাতাহাতির রূপ নেয়। এই পরিস্থিতিতে এলাকায় উত্তজনা ছড়ালে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী বিনা প্ররোচনাতেই তাদের কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে। এই ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বিধাননগর জুড়ে।

ব্যারিকেড দিয়ে ভাগ করল পুলিশ: পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে রাতেই পুলিশ মাইকিং শুরু করে। দুই দলের কর্মীদের আলাদা করতে মাঝখানে লোহার ব্যারিকেড দিয়ে দেওয়া হয়। বর্তমানে এলাকার নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে যাতে কোনো আপস না হয়, সেদিকে কড়া নজর রাখছে কমিশন।

রাজ্যজুড়েই নজরে স্ট্রংরুম: উল্লেখ্য, কেবল বিধাননগর নয়, ভোট পরবর্তী এই সময়ে স্ট্রংরুম ঘিরে অশান্তি এখন রাজ্যের দস্তুর হয়ে দাঁড়িয়েছে। শনিবারই বারাসতে সিসিটিভি মনিটর বন্ধ হয়ে যাওয়া নিয়ে উত্তপ্ত হয়েছিল এলাকা। তার আগে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং সাখাওয়াত মেমোরিয়াল স্কুলেও কারচুপির আশঙ্কা প্রকাশ করে সরব হয়েছিল শাসকদল। আগামীকাল গণনার আগে তাই সব দলেরই পাখির চোখ এখন এই স্ট্রংরুমগুলোর দিকে।

গণনা কেন্দ্রের বাইরে এখন টানটান উত্তেজনা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারার মাঝেই চলছে রাজনৈতিক কর্মীদের বিনিদ্র রাত জাগা। কাল সকালে ইভিএম খোলার পর এই উত্তেজনা কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy