ভেনিজুয়েলা জয়ের পর এবার লক্ষ্য ভারত? মোদীকে সরাসরি শুল্ক-হুমকি ট্রাম্পের!

ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ‘কিডন্যাপ’ করার মতো দুঃসাহসিক সামরিক অভিযানের পর এবার ভারতের দিকে তলোয়ার ঘোরালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ভারত যদি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করে, তবে ভারতের ওপর চড়া হারে অতিরিক্ত শুল্ক (Tariff) চাপাতে বিন্দুমাত্র দ্বিধা করবে না ওয়াশিংটন।
গতকাল ‘এয়ারফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী মোদী ভালো করেই জানেন যে রাশিয়ার থেকে তেল আমদানির বিষয়ে আমি অত্যন্ত অখুশি। আমাকে খুশি রাখাটা ভারতের জন্য জরুরি। ওরা যদি এই জেদ বজায় রাখে, তবে আমরাও খুব দ্রুত শুল্কের হার বাড়িয়ে দেব।” ট্রাম্পের এই মন্তব্য বিশ্বমঞ্চে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। উল্লেখ্য, গত বছর গণেশ চতুর্থীর সময় থেকেই ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে আমেরিকা, যা নিয়ে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প।
কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভেনিজুয়েলায় আক্রমণের আবহে ট্রাম্পের এই নয়া ‘হুঙ্কার’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে তিনি মোদীকে ‘ভালো মানুষ’ বলে সম্বোধন করছেন, অন্যদিকে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে প্রবল চাপ দিচ্ছেন। একদিকে চীন-রাশিয়া-ভারত অক্ষের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা এবং অন্যদিকে ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি—এই দুইয়ের যাঁতাকলে পড়ে ভারত কীভাবে নিজের বিদেশ নীতি বজায় রাখে, এখন সেটাই দেখার।