ভেতরের ঘরে ঘুমন্ত ছিল পরিবার…,এসি বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

মর্মান্তিক! এসি বিস্ফোরণের জেরে মৃত্যু হলো একই পরিবারের তিনজন সদস্যের। সোমবার ফরিদাবাদের এক চারতলা বাড়ির তৃতীয় তলায় এই ভয়াবহ ঘটনা ঘটে। নিহতরা হলেন সচিন কাপুর, তার স্ত্রী রিঙ্কু এবং তাদের মেয়ে সুজান। এই ঘটনায় কাপুর পরিবারের পোষা কুকুরটিরও মৃত্যু হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রবিবার গভীর রাতে (আনুমানিক রাত ১:৩০ মিনিট) বাড়ির দোতলার একটি খালি ফ্ল্যাটের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কম্প্রেসর বিকট শব্দ করে ফেটে যায়। বিস্ফোরণের পর উৎপন্ন হওয়া ঘন কালো ধোঁয়া মুহূর্তের মধ্যে তিনতলায় থাকা কাপুর পরিবারের ফ্ল্যাটে প্রবেশ করে। তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তারা। অতিরিক্ত ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে সচিন কাপুর, তার স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়।
একই ফ্ল্যাটের অন্য একটি ঘরে ঘুমিয়ে থাকা সচিনের ছেলে প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফ দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। প্রতিবেশীরা বিকট শব্দ শুনে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। এই ভয়াবহ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই মুহূর্তে পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।