ভূমিকম্পে হাজার হাজার মৃত্যু, তালিবানি ফতোয়ার বলি হচ্ছেন মহিলারা

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে ধ্বংসলীলার মধ্যেই প্রকাশ্যে এসেছে তালিবানি বর্বরতার এক চরম রূপ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মহিলাকে উদ্ধার করতে অস্বীকার করছে তালিবান প্রশাসন। কারণ তাদের ফতোয়া অনুযায়ী, পুরুষ উদ্ধারকারীরা কোনো মহিলাকে স্পর্শ করতে পারবে না।

মহিলাদের উদ্ধারে অনীহা

ভূমিকম্পের পর পুরুষদের উদ্ধার করা হলেও, মহিলাদের উদ্ধারকাজে তালিবানদের অনীহা দেখা যাচ্ছে। একবিংশ শতাব্দীতেও তারা শরিয়া আইন কঠোরভাবে মেনে চলার কারণে উদ্ধারকারী দলগুলো নিজেরাই দোটানায় পড়েছে। যদি তারা মহিলাদের স্পর্শ করে, তবে শাস্তিস্বরূপ হাত কেটে নেওয়া হতে পারে। ফলে চোখের সামনে মহিলারা আর্তনাদ করলেও, সাহায্যের হাত বাড়াতে ভয় পাচ্ছে উদ্ধারকারীরা।

মৃত্যুর পরেও ফতোয়া

আফগানিস্তানে কোনো মহিলা উদ্ধারকারী দল না থাকায় এই পরিস্থিতি আরও জটিল হয়েছে। এমনকি যদি কোনো মহিলা মারা যান, তবে তার মৃতদেহ উদ্ধারের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। কোনোভাবেই সরাসরি ত্বক স্পর্শ করা যাবে না। একমাত্র ঢিলেঢালা পোশাক টেনে মৃতদেহ বের করা হচ্ছে।

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান

গত ৫ সেপ্টেম্বর, শুক্রবার ৬.২ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ-পূর্ব আফগানিস্তান। এর আগে চলতি সপ্তাহের শুরুতে আরও কয়েকটি ভূমিকম্পে ২,২০০-এর বেশি মানুষ মারা গেছেন এবং ৩,৬০০ জনেরও বেশি আহত হয়েছেন। গ্রামগুলি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন। আন্তর্জাতিক সংস্থাগুলো খাদ্য, আশ্রয় এবং চিকিৎসার জন্য সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু একের পর এক ভূমিকম্পে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। এর ওপর তালিবানি ফতোয়া স্থানীয় মানুষের দুর্ভোগ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।