চাকরির খোঁজে বাংলায় এসে ভয়াবহ অভিজ্ঞতা, স্টেশনে দেখা ব্যক্তির খপ্পরে পড়ে সর্বস্বান্ত উত্তর প্রদেশের পরীক্ষার্থী

দীর্ঘ ৮ বছর পর রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা হচ্ছে। রবিবার এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩ লক্ষ ১৯ হাজারেরও বেশি পরীক্ষার্থী। রাজ্যের বাইরে থেকেও বহু পরীক্ষার্থী এসেছেন। কিন্তু এদের মধ্যেই এক দুঃসহ অভিজ্ঞতার শিকার হয়েছেন উত্তর প্রদেশের এক চাকরিপ্রার্থী।
উত্তরপ্রদেশের রামপুর গোপীগঞ্জ সন্ত রবিদাস নগরের বাসিন্দা আনন্দ কুমার বিন্দ এসএসসি পরীক্ষা দিতে বাংলায় আসেন। শনিবার তিনি বিভূতি এক্সপ্রেসে করে হাওড়া পৌঁছন। সেখান থেকে লোকাল ট্রেনে হুগলি আসেন।
কী ঘটেছিল?
আনন্দের অভিযোগ, স্টেশনে এক অপরিচিত ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। সেই ব্যক্তি তাকে হোটেলে নিয়ে গিয়ে খাবার খাওয়ান এবং পরে গঙ্গায় স্নান করতে নিয়ে যান। এরপর রাতে স্টেশনে কাটানোর জন্য আবার তাকে স্টেশনে ছেড়ে দেন। আনন্দ কুমার বিন্দ-এর দাবি, এর পরের ঘটনা তার আর মনে নেই। যখন তার জ্ঞান ফেরে, তখন তিনি নিজেকে চুঁচুড়া হাসপাতালে দেখতে পান।
পরীক্ষার্থীর অভিযোগ, তার মোবাইল ও সমস্ত টাকা চুরি হয়ে গেছে। রবিবার কোনোমতে হাসপাতাল থেকে উঠে হুগলি এইচইটিসি কলেজে পরীক্ষা দিতে যান তিনি। কিন্তু অসুস্থতার কারণে পরীক্ষার হলের বাইরেই মাথা ঘুরে পড়ে যান। এরপর তার এই ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আসে।
ইতিহাস বিষয়ের এই পরীক্ষার্থী এখন একপ্রকার দিশেহারা। পরীক্ষার কেন্দ্রে এসেও এমন অবস্থার শিকার হওয়ায় তার পরীক্ষার ফল কী হবে তা নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন। ঘটনাটি সামনে আসার পর পুলিশও তদন্ত শুরু করেছে।