লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী আবারও তাঁর বিস্ফোরক মন্তব্যের জেরে বিজেপির তীব্র রোষানলে পড়লেন। উত্তর প্রদেশের রায়বেরেলিতে এক জনসভায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি ‘বিশ্বাসঘাতক’ ও ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, আরএসএস ও বর্তমান সরকার দেশের সংবিধান ধ্বংস করছে এবং ভারতকে বিক্রির চক্রান্ত করছে। রাহুলের এই মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গেছে।
রাহুলের এই বক্তব্যের কড়া নিন্দা করে বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, “রাহুল গান্ধী ভালোবাসার দোকানের কথা বললেও আসলে তিনি ঘৃণার ভাই। তিনি বারবার প্রধানমন্ত্রী মোদীকে অপমান করেছেন।” পুনাওয়ালার দাবি, মোদী গরিব পরিবার থেকে এসেছেন বলেই তাঁকে বারবার বিষধর সাপ বা রাবণ বলে আক্রমণ করা হচ্ছে। এই ভাষা কংগ্রেসের নিচু মানসিকতার পরিচয়।
পাশাপাশি বিজেপি নেতা রাকেশ ত্রিপাঠি রাহুল গান্ধীকে একজন ‘অভ্যাসগত অপরাধী’ হিসেবে আখ্যা দিয়ে মন্তব্য করেন যে, রাহুলের ভাষার ওপর কোনো নিয়ন্ত্রণ নেই এবং তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। রাহুলের এই আক্রমণাত্মক বক্তব্যের পাল্টা জবাবে বিজেপি নেতৃত্ব দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। অন্যদিকে, রাহুল গান্ধী দাবি করেছেন যে, দেশে এক ভয়াবহ অর্থনৈতিক ঝড় আসছে এবং তার জন্য সরাসরি প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহের নীতিই দায়ী। রাহুলের এই চরম উস্কানিমূলক মন্তব্যের পর রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে।





