ভারতের হামলা থেকে বাঁচতে ডেরা বদল! এবার আফগানিস্তান সীমান্তে ঘাঁটি গাড়ছে পাকিস্তানি জঙ্গিরা

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিন ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এই হামলার ভয়ে তারা পাক অধিকৃত কাশ্মীর থেকে তাদের ঘাঁটি সরিয়ে নিয়ে যাচ্ছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর খবর অনুযায়ী, জঙ্গিরা এখন তাদের ডেরা আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের দিকে সরিয়ে নিচ্ছে, যাতে ভারতীয় বাহিনীকে হামলা চালাতে হলে প্রায় পুরো পাকিস্তানের জমি পেরিয়ে যেতে হয়।
পহেলগাম হামলার পর গত ৭ মে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের জয়েশ-ই-মহম্মদ-এর সদর দফতর, বাহাওয়ালপুর, মুরিদকে, মুজফফরাবাদসহ মোট ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এই হামলার পর থেকেই ছিন্নভিন্ন হয়ে যাওয়া জয়েশ ও হিজবুল নতুন ঘাঁটির খোঁজ করছিল। সূত্র জানিয়েছে, এই সংগঠনগুলো এবং তাদের নিয়ন্ত্রক আইএসআই মনে করছে যে, ভারতের নাগালের কাছাকাছি থাকা আর নিরাপদ নয়। তাই জঙ্গিদের বহু দূরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
খাইবার পাখতুনখোয়ায় স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে লড়াই চলছে। তাই আইএসআই সেখানকার বিদ্রোহীদের মোকাবিলা করতেও জঙ্গিদের ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান সরকার এবং তাদের সেনাবাহিনীর চোখের সামনেই এই ঘাঁটি বদলের কাজ চলছে। সম্প্রতি জয়েশ কমান্ডার ইলিয়াস কাশ্মীরির এক ভাইরাল ভিডিওতে তার পাশে পাক সেনা কর্মকর্তাদেরও দেখা গেছে, যা থেকে স্পষ্ট যে তারা এই কাজে সরাসরি সহযোগিতা করছে।
সূত্র আরও জানিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের কয়েক ঘণ্টা আগেই জয়েশ একটি বড় ধরনের জঙ্গি নিয়োগ অভিযান চালিয়েছে। খাইবার পাখতুনখোয়ার মনশেরা জেলার গঢ়ী হবিবুল্লা শহরে এই নিয়োগের আয়োজন করা হয়। সেখানে এম ফোর রাইফেল হাতে থাকা জয়েশের নিজস্ব সদস্য ও স্থানীয় পুলিশ পাহারার ব্যবস্থা করেছিল। এতে খাইবার পাখতুনখোয়ার জয়েশ নেতা ইলিয়াস কাশ্মীরি ওরফে আবু মহম্মদও উপস্থিত ছিলেন। এই ঘটনা প্রমাণ করে, পাকিস্তান সরকার নিজেদের ভূখণ্ডে প্রকাশ্যে জঙ্গি কার্যকলাপকে এখনো প্রশ্রয় দিচ্ছে।