উধমপুরে জঙ্গি-সেনা গুলির লড়াই, গভীর রাতে অভিযান শুরু, পুঞ্চে বিপুল অস্ত্র উদ্ধার

জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায় শুক্রবার গভীর রাতে শুরু হয়েছে এক বড়সড় সেনা অভিযান। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে একজন জওয়ান আহত হয়েছেন। আহত জওয়ানকে দ্রুত কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, সেওজ ধার এলাকায় দুই থেকে তিনজন জঙ্গি লুকিয়ে আছে, যাদের নির্মূল করার জন্য সেনা ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে।

হোয়াইট নাইট কর্পস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত থেকেই দোদা-উধমপুর সীমান্তে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। এর আগে কিস্তওয়ারে একটি গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালালে সেখানেও জঙ্গিদের সঙ্গে গুলির বিনিময় হয়।

অন্যদিকে, পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে চিনা হ্যান্ড গ্রেনেড, কার্তুজ এবং ম্যাগাজিন। সেনাবাহিনীর ধারণা, বড় ধরনের কোনো হামলার পরিকল্পনা করেই এই অস্ত্র মজুত করা হয়েছিল। তবে কারা এর পেছনে রয়েছে, তা এখনও জানা যায়নি। বর্তমানে পুরো জম্মু-কাশ্মীরজুড়ে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

গত কয়েক মাসে ভারতীয় বাহিনী একাধিক অভিযানে সফলতা পেয়েছে। আগস্ট মাসে উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় দুই লস্কর জঙ্গিকে খতম করা হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করা হয়। এর কিছুদিন আগে কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও দুই জঙ্গি নিহত হয়। এছাড়া, জম্মুর আরএস পুরা সেক্টরে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করে বিএসএফ।

সাম্প্রতিক এই ঘটনাগুলো আবারও উপত্যকার নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করছে।