ভারতের নীরবতা বাঞ্ছনীয় নয়!’ ইজরায়েলের হামলায় ৬৬ হাজার মৃত্যুর পরই মোদী সরকারের ওপর চাপ বাড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

ইজরায়েলের হামলায় গাজায় মৃতের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়ে যাওয়ায় ভারত সরকার কেন এখনও পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে না, সেই প্রশ্ন তুলে এবার সরব হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কংগ্রেস এবং সিপিআইএমের মতো বিরোধী দলগুলির আক্রমণের মধ্যেই এবার দক্ষিণ ভারতের এক শীর্ষ নেতা এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের ওপর সরাসরি চাপ বাড়ালেন।

ইজরায়েলের বিরুদ্ধে ‘গর্জে ওঠার’ দাবি
বুধবার চেন্নাইয়ে সিপিআই(এম) আয়োজিত গাজা-গণহত্যা বিরোধী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে স্ট্যালিন স্পষ্ট মন্তব্য করেন, গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে ইজরায়েলের বিরুদ্ধে ভারতের গর্জে ওঠা উচিত।

“বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উচিত ইজরায়েল এবং তার পাশে থাকা দেশগুলির উপর চাপ বাড়ানো, যাতে গাজায় নির্মম গণহত্যা এবার বন্ধ হয়।”

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, “গাজায় ইসরায়েলের নির্বিচারে আক্রমণ, হত্যালীলা, ত্রাণ ঢুকতে না দিয়ে দুর্ভিক্ষ তৈরি করার ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিচ্ছে।” মানবতার স্বার্থে গাজায় চলা দীর্ঘ দু-বছর ধরে মৃত্যুমিছিল বন্ধ করতে সকলের একত্রিত হয়ে ইজরায়েলের উপর চাপ সৃষ্টি করা প্রয়োজন বলেও তিনি মনে করেন।

ভারতের নীরবতা নিয়ে প্রশ্ন
গাজায় ইজরায়েল যে হত্যালীলা চালাচ্ছে, সেই কঠিন পরিস্থিতিতে ভারত সরকারের নীরবতা মোটেই বাঞ্ছনীয় নয় বলে সরাসরি তোপ দাগেন স্ট্যালিন।

এর আগে বিরোধী দলগুলি, বিশেষত কংগ্রেস ও সিপিআইএম, গাজা ইস্যুতে ভারতের অবস্থানে সন্তুষ্ট হতে পারেনি। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা নিয়েও কটাক্ষ করেছিল।

সিপিআই(এম) এই জনসভা থেকে ভারত সরকারের কাছে ইসরায়েলের সঙ্গে সমস্ত বাণিজ্য চুক্তি বাতিল করার এবং ইসরায়েলি সংস্থাগুলিকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের এই কঠোর মন্তব্য কেন্দ্রীয় সরকারের বিদেশ নীতির ওপর চাপ আরও বাড়াল বলে মনে করছে রাজনৈতিক মহল।