ভারতীয় নৌবাহিনীতে চাকরির সুবর্ণ সুযোগ! শুরু হলো অগ্নিবীর নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

ভারতীয় নৌবাহিনীতে যোগ দিয়ে দেশসেবা এবং টেকনিক্যাল দক্ষতা অর্জনের এক অনন্য সুযোগ এসেছে যুবকদের জন্য। নৌবাহিনী ‘অগ্নিবীর (অ্যাপ্রেন্টিস) নিয়োগ ২০২৬’-এর আবেদন প্রক্রিয়া শুরু করেছে। এটি মূলত ব্যাচ ০১/২০২৭ এবং ০২/২০২৭-এর জন্য আয়োজিত হচ্ছে। আগ্রহী অবিবাহিত পুরুষ প্রার্থীরা আগামী ২৯ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্তত ৫০ শতাংশ নম্বরসহ দশম শ্রেণি পাস হতে হবে। পাশাপাশি, এআইসিটিই (AICTE) অনুমোদিত কোনো পলিটেকনিক প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে তিন বছরের ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। বয়সের ক্ষেত্রে, ব্যাচ ০১/২০২৭-এর জন্য জন্ম হতে হবে ১ ডিসেম্বর ২০০৪ থেকে ৩১ মে ২০০৯-এর মধ্যে এবং ব্যাচ ০২/২০২৭-এর জন্য ১ মে ২০০৫ থেকে ৩১ অক্টোবর ২০০৯-এর মধ্যে।

নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট (INET), শারীরিক দক্ষতা পরীক্ষা (PFT) এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে। আবেদনের ফি হিসেবে নির্ধারিত হয়েছে ৫৫০ টাকা ও ১৮ শতাংশ জিএসটি। আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অগ্নিবীর সেকশনে রেজিস্ট্রেশন করতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করে নির্দিষ্ট সময়ের মধ্যেই ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। ভবিষ্যতের জন্য আবেদনের একটি প্রিন্ট কপি অবশ্যই সংগ্রহে রাখুন।