ভয়ংকর ষড়যন্ত্র! ফের জম্মু ও কাশ্মীরে হামলার ছক, লস্কর-জইশকে মদত দিচ্ছে পাক সেনা ও ISI, চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট

অপারেশন ‘সিঁদুর’-এর পরেও শিক্ষা নেয়নি পাকিস্তান। ফের জম্মু ও কাশ্মীরে বড়সড় জঙ্গি হামলার ছক কষছে সে দেশের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। সাম্প্রতিক এক চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদ ফের কাশ্মীর উপত্যকায় নাশকতার পরিকল্পনা করছে। রিপোর্টে দাবি, গত কয়েক মাস ধরে পাকিস্তানের মাটিতে বসেই হামলার প্রস্তুতি নিচ্ছে এই সংগঠনগুলি।
এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের পেছনে রয়েছে পাকিস্তানের সেনার স্পেশাল সার্ভিসেস গ্রুপ (SSG) এবং কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রত্যক্ষ সহযোগিতা। রিপোর্ট অনুযায়ী, ইতোমধ্যে সীমান্ত পেরিয়ে জঙ্গিদের অনুপ্রবেশের ঘটনাও ঘটেছে।
উপত্যকায় ড্রোন টহল, আত্মঘাতী হামলার আশঙ্কা:
এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই জম্মু ও কাশ্মীর জুড়ে নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় সেনা। বিশেষ করে নিয়ন্ত্রণরেখা (LOC) বরাবর টহল ও নজরদারি বহু গুণ বৃদ্ধি করা হয়েছে। সেনার এক আধিকারিক জানিয়েছেন, জঙ্গিরা ইতিমধ্যেই ড্রোন ব্যবহার করে নিয়ন্ত্রণরেখার বিভিন্ন জায়গায় নজরদারি চালিয়ে দুর্বল জায়গাগুলি চিহ্নিত করেছে। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহেই উপত্যকায় বড় মাপের আত্মঘাতী হামলার চেষ্টা হতে পারে।
রিপোর্টে আরও বলা হয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে নতুন করে মোতায়েন করা হয়েছে বর্ডার অ্যাকশন টিম বা ‘ব্যাট’ বাহিনী। ভারতীয় সেনার গতিবিধি পর্যবেক্ষণ ও সীমান্ত পারাপারে জঙ্গিদের সাহায্য করাই এই বাহিনীর মূল উদ্দেশ্য।
নিরাপত্তা মহলের আশঙ্কা, গত এপ্রিলে পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটককে হত্যার পর ভারত যে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল, তারই প্রতিশোধ নিতে জম্মু ও কাশ্মীরে এই নতুন নাশকতার ছক তৈরি হচ্ছে। সেপ্টেম্বরে পাকিস্তানের অভ্যন্তরে আইএসআই আধিকারিকদের উপস্থিতিতে একটি উচ্চপর্যায়ের বৈঠকে ভারতবিরোধী হামলার পরিকল্পনা গৃহীত হয় বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
ভারতীয় সেনা সূত্রে খবর, যে কোনও হামলার মোকাবিলায় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। সীমান্ত বরাবর থার্মাল সেন্সর ও ড্রোন টহল বাড়িয়ে নজরদারি জোরদার করা হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই নতুন ষড়যন্ত্র কাশ্মীরের শান্তি প্রক্রিয়াকে বাধা দিলেও ভারতের নিরাপত্তা ব্যবস্থার কড়া জালে তা সফল হবে না।