SIR-এর ফর্ম বিতর্কে নতুন মোড়! ঘরে ফর্ম এলেও কেন পূরণ করলেন না মমতা? মুখ্যমন্ত্রীর পদক্ষেপে বাড়ল রাজনৈতিক উত্তাপ

রাজ্যে এসআইআর (SIR) বা সামাজিক অর্থনৈতিক গণনা নিয়ে তীব্র রাজনৈতিক বিরোধের মধ্যে এনুমারেশন ফর্ম গ্রহণ ও পূরণ করা নিয়ে ওঠা জল্পনায় এবার সরাসরি জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ফেসবুকে এক বার্তায় তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এনুমারেশন ফর্ম তিনি গ্রহণ বা পূরণ করেননি, যদিও গতকাল তাঁর অফিসে ফর্মটি দিয়ে গিয়েছেন দায়িত্বপ্রাপ্ত বিএলও (BLO)।

গতকাল একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, মুখ্যমন্ত্রী নাকি নিজেই বিএলওর কাছ থেকে ফর্ম গ্রহণ করেছেন। এসআইআর-এর তীব্র বিরোধিতা করার পরেও মুখ্যমন্ত্রীর ফর্ম গ্রহণ করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল ব্যাপক সমালোচনা ও কটাক্ষ।

সেই বিতর্ক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে – রেসিডেন্সের ক’জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গিয়েছেন।”

মমতার কঠিন বার্তা:

ফর্ম পূরণ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী জানান, “যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না।”

তিনি আরও বলেন, “বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, ‘আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে BLO-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি!’ এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।”

উল্লেখ্য, এসআইআর-এর বিরোধিতা করে গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মেগা মিছিলের আয়োজন করা হয়েছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটেছেন। ‘এ রাজ্যে এসআইআর হতে দেবেন না’—মমতার এই পুরনো মন্তব্যকে কেন্দ্র করে যখন বিরোধী শিবির উল্লাস প্রকাশ করছে, তখনই মুখ্যমন্ত্রীর এই ফেসবুক বার্তা রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করল।