‘ভবানীপুর থেকে মমতাকে হারাব, নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে!’ ২০২৬-এর নির্বাচনে কেন এই হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী?

২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর বর্তমান কেন্দ্র ভবানীপুর থেকে হারানোর চরম হুঁশিয়ারি দিলেন। এমনকি, তিনি কার্যত ইঙ্গিত দিয়ে রাখলেন যে আগামী বছর বিধানসভা নির্বাচনে সম্ভবত ভবানীপুর থেকেই প্রার্থী হতে চলেছেন তিনি।
‘নন্দীগ্রামের থেকে বেশি ভোটে হারাব’
রবিবার কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১২ জনের মৃত্যুর প্রতিবাদে একটি মিছিলে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করেন।
তিনি বলেন, “ওঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) ছাড়ব না। নন্দীগ্রামের থেকে বেশি ভোটে ওঁকে ভবানীপুর থেকে হারাবো। আগামী বছর বদলাও হবে, বদলও হবে।”
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। এরপর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পুরনো কেন্দ্র ভবানীপুর থেকে জয়ী হন।
কার্নিভ্যাল নিয়ে ‘অমানবিক’ কটাক্ষ
এদিন উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে অন্তত ২০ জনের মৃত্যুর খবর এসেছে। এই পরিস্থিতিতে রেড রোডে দুর্গা পুজোর কার্নিভ্যালে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে সরব হন বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারী বলেন, “উনি মনোজ পন্থ, রাজীব কুমারদের নিয়ে রেড রোডে বসে আছেন। লজ্জা করে না।” একইসঙ্গে মুখ্যমন্ত্রীকে তিনি ‘অমানবিক’ বলেও কটাক্ষ করেন। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবার দুপুরের মধ্যেই তিনি উত্তরবঙ্গে পৌঁছবেন।
ভোটার তালিকার ইস্যুতেও তোপ
শুধু নির্বাচনী চ্যালেঞ্জই নয়, রাজ্যে এসআইআর (Special Intensive Revision) হলে সেই প্রক্রিয়াকে ভোটের আগে ‘সেমি ফাইনাল’ হিসেবেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, এসআইআর হলে ভোটার তালিকা থেকে কমিশনকে অন্তত ১ কোটি ভুয়ো ভোটারের নাম বাদ দিতে হবে।