ব্রেকিং নিউজ! বাংলায় অবশেষে চালু ‘আয়ুষ্মান ভারত’, ৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসার সুযোগ কবে থেকে?

অবশেষে রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখছে কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। ডবল ইঞ্জিন সরকারের আমলেই এই প্রথম রাজ্যের সাধারণ মানুষ কেন্দ্রীয় এই স্বাস্থ্যবিমার সুবিধার আওতায় আসতে চলেছেন। স্বাধীনতা দিবসের ঠিক পরের দিন, আগামী ১৬ আগস্ট রবিবার গোটা রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হবে ‘আয়ুষ্মান দিবস’। কলকাতার ঐতিহাসিক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
রবিবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে যাবে উপভোক্তাদের হাতে কার্ড তুলে দেওয়ার কাজ। তবে এখানেই শেষ নয়, কেন্দ্রীয় প্রকল্পের পরিধি থেকে যাঁরা বাদ পড়ে যাবেন, তাঁদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকেও চালু করা হচ্ছে পৃথক ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে, যাঁদের নাম আয়ুষ্মান ভারতের তালিকায় থাকবে না, তাঁরা এই নতুন রাজ্যের প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। এর জন্য কার্ড তৈরিতে কোনো ধরনের আর্থিক খরচ লাগবে না। এই যুগান্তকারী পদক্ষেপে রাজ্যের প্রায় ৮০ লক্ষ পরিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার আওতায় আসবে, অন্যদিকে প্রায় ৩.৪ কোটি মানুষ সরাসরি ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা ভোগ করবেন।
রাজ্য সরকারের এই যৌথ স্বাস্থ্য পরিকাঠামোয় প্রায় ১৯৩০টি সরকারি ও বেসরকারি হাসপাতালকে যুক্ত করা হয়েছে, যার মধ্যে ১৩০৩টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতাল রয়েছে। স্বাস্থ্য পরিষেবা প্রদানে স্বচ্ছতা বজায় রাখতে এবং কোনো ধরনের বিল-কারচুপি বা জালিয়াতি রোধ করতে কঠোর নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি, বহিরাগতরা যাতে এই প্রকল্পের সুযোগ নিতে না পারে, তার জন্য ফিল্ড ভেরিফিকেশনের বন্দোবস্তও করা হয়েছে। সবথেকে বড় স্বস্তির বিষয় হলো, নতুন কার্ড হাতে না পাওয়া পর্যন্ত পুরনো ‘স্বাস্থ্যসাথী’ কার্ডও আগের মতোই বহাল থাকবে, ফলে সাধারণ মানুষের চিকিৎসায় কোনো ছেদ পড়বে না।