ব্রেকফাস্টের পরেই মর্মান্তিক ঘটনা! ঘরে বিশ্রাম নিতে গিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার কুলতলির সপ্তম শ্রেণির ছাত্রী, রহস্য ঘনীভূত

টিউশন থেকে বাড়ি ফিরে মা-বাবার সঙ্গে ব্রেকফাস্ট সেরেছিল। এরপর ঘরে বিশ্রাম নিতে গিয়ে চরম সিদ্ধান্ত নিল সপ্তম শ্রেণির এক ছাত্রী। বেশ কিছুক্ষণ তার সাড়া শব্দ না পেয়ে দরজা খুলতেই পরিবারের সদস্যদের চোখ কপালে উঠে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুলতলি ব্লকের অন্তর্গত মৈপীঠ কোস্টাল থানার পশ্চিম দেবীপুর এলাকায়।

মৃত ছাত্রীর নাম রিয়া দাস, বয়স বছর তেরো। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রিয়াকে মৃত বলে ঘোষণা করেন।

পাড়ার এই ছোট্ট মেয়ের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। চরম সিদ্ধান্ত নেওয়ার মতো কী এমন কারণ থাকতে পারে, তা বুঝে উঠতে পারছেন না কেউই। বাড়ির মেয়ের এমন পরিণতিতে দিশাহীন হয়ে পড়েছে পরিবারও।

তদন্তে পুলিশ, শোকে কাতর স্কুল
কুলতলি থানার পুলিশ ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো ঘটনা খতিয়ে দেখছে। পরিবারে কোনো বিবাদ, বন্ধুবান্ধবদের সঙ্গে কোনো সমস্যা বা অন্য কোনো কারণ ছিল কি না, তা জানতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে।

রিয়া পড়াশোনা করত দেবীপুর এইচএম বিদ্যাপীঠে। প্রিয় সহপাঠীর এমন হঠাৎ মৃত্যুতে স্কুল প্রাঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক-শিক্ষিকারা কেউই তার এই হঠাৎ মৃত্যু মেনে নিতে পারছেন না। ময়নাতদন্তের রিপোর্টের পরই রহস্যের উপর থেকে পর্দা উঠবে বলে আশা করা হচ্ছে।