ব্যাঙ্কে গচ্ছিত টাকা ফেরত পাচ্ছেন না? গ্রাহকদের বড় জয়, ঐতিহাসিক নির্দেশ হাইকোর্টের

ব্যাঙ্কে রাখা এফডি-র টাকা নিয়ে হয়রানির দিন শেষ। সম্প্রতি কেরল হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় দেশজুড়ে কোটি কোটি ব্যাঙ্কিং গ্রাহকের অধিকারকে সুনিশ্চিত করল। ত্রিশুরের বাসিন্দা সেতুবামাধবনের ৫ লক্ষ টাকার এফডি ২০১৫ সালে ম্যাচিউর হওয়া সত্ত্বেও ব্যাঙ্ক তা ফেরত দিতে অস্বীকার করেছিল। দীর্ঘ ১১ বছরের আইনি লড়াইয়ের পর আদালত ব্যাঙ্কের সেই ‘প্রশাসনিক জটিলতা’ ও ‘টেকনিক্যাল ত্রুটি’-র অছিলাকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছে।

কেরল হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সাফ জানিয়েছে, ‘কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট’ বা উপভোক্তা সুরক্ষা আইন সবকিছুর ঊর্ধ্বে। কো-অপারেটিভ সোসাইটি অ্যাক্ট বা অন্যান্য আইনি মারপ্যাঁচ দেখিয়ে ব্যাঙ্ক গ্রাহকের পাওনা আটকে রাখতে পারে না। আদালত ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, মূল টাকার সাথে ১২ শতাংশ সুদ এবং ১০ হাজার টাকা জরিমানা দ্রুত পরিশোধ করতে হবে। বিচারপতির তড়িঘড়ি পর্যবেক্ষণ, সাধারণ মানুষের জমানো টাকা সময়মতো ফেরত দেওয়া ব্যাঙ্কের প্রাথমিক নৈতিক দায়িত্ব। বারবার আইনি জালে গ্রাহককে ফাঁসানোর চেষ্টার জন্য আদালতের তিরস্কারের মুখে পড়তে হয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। শেষমেশ আদালতের নির্দেশে ৬ মাসের মধ্যে বকেয়া টাকা মেটানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই রায় ব্যাংক ও গ্রাহকদের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাইলফলক হয়ে রইল।