বেতন বাড়াল মোদি সরকার? জল্পনার মধ্যেই লোকসভায় এল চাঞ্চল্যকর তথ্য, জানুন বিস্তারিত!

কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে অবশেষে বড়সড় আপডেট সামনে এসেছে। বহুচর্চিত অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে সম্প্রতি লোকসভায় কেন্দ্রের তরফে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পেশ করা হয়েছে। সংসদ ভবনে এক লিখিত প্রশ্নের উত্তরে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন এখনও পর্যন্ত তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়নি। ফলে নতুন বেতন সংশোধনের নির্দিষ্ট সময়সীমা এবং বহুল প্রতীক্ষিত ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে চলা জল্পনা ও ধোঁয়াশা এখনও পুরোপুরি কাটেনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এই বিবৃতির পর দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের নজর এখন সম্পূর্ণভাবে কমিশনের রিপোর্টের দিকেই নিবদ্ধ রয়েছে।

লোকসভার বিশিষ্ট সদস্য মান্নালাল রাওয়াত অষ্টম পে কমিশন সংক্রান্ত একাধিক সুনির্দিষ্ট প্রশ্ন উত্থাপন করেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন যে সরকার আনুষ্ঠানিকভাবে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের কোনো অনুমোদন দিয়েছে কি না, দিয়ে থাকলে তার সুনির্দিষ্ট গঠন তারিখ, সম্মানিত চেয়ারপারসন এবং অন্যান্য সদস্যদের নাম কী। পাশাপাশি, কমিশনকে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দিষ্ট কত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সুপারিশ কার্যকর করার সম্ভাব্য তারিখ কবে এবং এর ফলে রাজ্যভিত্তিক ঠিক কত সংখ্যক কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন—সে বিষয়েও বিশদ তথ্য তলব করা হয়েছিল। এছাড়া বেতন পুনর্নির্ধারণ, মহার্ঘ ভাতা বা ডিএ, অন্যান্য ভাতাদি, পেনশন, পারিবারিক পেনশন এবং পরিষেবার শর্তাবলি সম্পর্কিত টার্মস অফ রেফারেন্স বা কার্যপরিধির বিবরণ নিয়েও প্রশ্ন করা হয়।

মান্নালাল রাওয়াতের এই সমস্ত প্রশ্নের লিখিত ও বিস্তারিত জবাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রে মন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি সরকারি তথ্য তুলে ধরে জানিয়েছেন যে সরকার প্রস্তাবের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করেছে। এই কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রীমতী রঞ্জনা প্রকাশ দেশাই, খণ্ডকালীন সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক পুলক ঘোষ এবং সদস্য-সচিবের দায়িত্ব সামলাচ্ছেন শ্রী পঙ্কজ জৈন। সরকারের স্পষ্ট নির্দেশিকা অনুযায়ী, কমিশন গঠনের নির্ধারিত তারিখ থেকে পরবর্তী ১৮ মাসের মধ্যে তাদের সমস্ত সুপারিশ সরকারের হাতে সঁপে দেবে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী কমিশন এখনও পর্যন্ত তাদের কোনো সুপারিশ সরকারের কাছে পেশ করেনি।

মন্ত্রী পঙ্কজ চৌধুরীর পেশ করা তথ্য অনুযায়ী, নির্দিষ্ট তারিখের হিসাব অনুযায়ী কেন্দ্রীয় সরকারের প্রায় ৩৫.৭৭ লক্ষ অসামরিক কর্মচারী এবং প্রতিরক্ষা পেনশনভোগী বাদে প্রায় ৩৩.৭৬ লক্ষ পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগী এই প্রকল্পের আওতায় উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, নতুন ফিটমেন্ট ফ্যাক্টর তবে কি বিশ বাঁও জলে? এর উত্তরে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ফিটমেন্ট ফ্যাক্টর এখনও চূড়ান্ত করা হয়নি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মহলে ২.৫৭, ২.৮৬ কিংবা ৩ বা তার বেশি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে নানা জল্পনা ও সংখ্যা শোনা গেলেও, যতক্ষণ না অষ্টম বেতন কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের সুপারিশ পেশ করছে এবং সরকার তা গ্রহণ করছে, ততক্ষণ এগুলির কোনো আইনি বা সরকারি ভিত্তি নেই। তাই ফেক নিউজ বা ভাইরাল দাবির ফাঁদে পা না দিয়ে সরকারি ঘোষণার অপেক্ষায় থাকতে বলা হয়েছে।