ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুতে এক চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা সামনে এসেছে। একটি নামী আইটি সংস্থার কর্মীর বিরুদ্ধে অভিযোগ, তিনি অফিসের দেওয়া কর্পোরেট ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রায় ২৭ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। শুধু তাই নয়, বিষয়টি জানাজানি হতেই নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে (বস) ‘অশ্লীল ভিডিও’ পাঠিয়ে ব্ল্যাকমেল করার মতো গুরুতর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
কীভাবে চলত এই জালিয়াতি?
তদন্তকারী সূত্রে জানা গেছে, ধৃত কর্মীকে অফিসের কাজের খরচ মেটানোর জন্য একটি কর্পোরেট ক্রেডিট কার্ড দেওয়া হয়েছিল, যার মাসিক খরচের সীমা ছিল ২ লক্ষ টাকা। কিন্তু অক্টোবর ২০২৩ থেকে জানুয়ারি ২০২৪— মাত্র চার মাসের মধ্যে ওই কর্মী সীমা লঙ্ঘন করে মোট ২৭,০১,১৩৯ টাকা খরচ করে ফেলেন। কোম্পানির অভ্যন্তরীণ অডিটে এই বিপুল টাকার গরমিল ধরা পড়ে।
চিন-পাকিস্তান যোগের দাবি!
গত ১২ জানুয়ারি কোম্পানি ইমেলের মাধ্যমে ওই কর্মীর কাছে কৈফিয়ত তলব করলে তিনি জালিয়াতির কথা স্বীকার করে নেন। তবে তার আত্মপক্ষ সমর্থনে দেওয়া যুক্তি শুনে চক্ষু চড়কগাছ কর্মকর্তাদের। ওই কর্মীর দাবি, চিন ও পাকিস্তানে বসে থাকা কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছিল, আর তাদের কথা মেনেই তিনি এই বিপুল টাকা খরচ করতে বাধ্য হয়েছেন।
টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি ও ব্ল্যাকমেল
প্রথমে ওই কর্মী কোম্পানিকে আশ্বস্ত করেছিলেন যে তিনি কিস্তিতে সমস্ত টাকা ফেরত দিয়ে দেবেন। এমনকি ফেব্রুয়ারি ২০২৪-এর মধ্যে ১০ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার লিখিত প্রতিশ্রুতিও দেন তিনি। কিন্তু অভিযোগ, টাকা ফেরত দেওয়ার বদলে উল্টো পথ ধরেন তিনি। নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপত্তিকর ও অশ্লীল ভিডিও পাঠিয়ে ভয় দেখানো এবং ব্ল্যাকমেল করা শুরু করেন বলে অভিযোগ করেছে সংস্থাটি।
পুলিশি পদক্ষেপ
আইটি সংস্থাটির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করার পর বেঙ্গালুরু পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই কর্মী সত্যিই কোনো আন্তর্জাতিক চক্রের শিকার নাকি জালিয়াতি ঢাকতে ব্ল্যাকমেলের পথ বেছে নিয়েছেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।





