বুকে ব্যথা নিয়ে ছটফট করছেন কর্মী, পাশেই মোবাইল নিয়ে ব্যস্ত সহকর্মী! সাহায্যের অভাবে হৃদরোগে মৃত্যু

মধ্যপ্রদেশের মারওয়া জেলায় একটি ভয়াবহ ঘটনা সামনে এসেছে, যেখানে এক কর্মী হৃদরোগে আক্রান্ত হয়ে চেয়ারে বসে ছটফট করা সত্ত্বেও তাঁর সহকর্মী বা মালিক কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ উঠেছে। মর্মান্তিক এই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

সিসিটিভি ফুটেজে নির্মম দৃশ্য:

পুলিশ সূত্রে জানা গেছে, মারওয়ার সুসনের এলাকার তিরুপতি ট্রেডার্সের ৪৫ বছরের কর্মী রফিক দীর্ঘদিনের কর্মচারী ছিলেন। চেয়ারে বসে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎই তাঁর বুকে ব্যথা শুরু হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রফিক প্রায় ছয় মিনিট ধরে বুকে যন্ত্রণা নিয়ে ছটফট করছিলেন এবং শ্বাস নিতেও কষ্ট পাচ্ছিলেন।

এই সময় তাঁর ঠিক পাশেই বসেছিলেন একজন সহকর্মী, যিনি পুরোপুরি মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন। একবার রফিকের দিকে তাকিয়েও তিনি আবার ফোন ঘাঁটতে শুরু করেন। খানিকক্ষণ পর রফিক যখন অচৈতন্য অবস্থায় চেয়ারে লুটিয়ে পড়েন, তখন বাকিদের টনক নড়ে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের গুরুতর অভিযোগ:

মৃত রফিকের পরিবারের অভিযোগ, মালিক প্রয়োজনের চেয়ে বেশি ভার বহনের জন্য রফিককে জোরাজুরি করতেন, যার ফলে তিনি অতিরিক্ত পরিশ্রমে শারীরিকভাবে বিধ্বস্ত ছিলেন।

তাঁদের সবচেয়ে বড় অভিযোগ, হৃদরোগে আক্রান্ত হওয়ার সময়েও যখন রফিক যন্ত্রণায় ছটফট করছিলেন, তখন কেউ তাঁকে সাহায্যের জন্য ছুটে আসেনি। বরং মালিক বাকি কর্মীদের কাজ করার নির্দেশ দিচ্ছিলেন। পরিবারের দাবি, স্রেফ মালিকের গাফিলতি এবং সহকর্মীদের উদাসীনতার কারণেই রফিকের মতো একজন তরতাজা প্রাণ অকালে চলে গেল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

অন্যান্য খবর: বিয়ের আসরে নাচতে নাচতে হৃদরোগে মৃত্যু ২৬ বছরের যুবকের
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রদেশের শেওপুর জেলায় এমনই আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। নিজের বিয়েতে আনন্দ করতে করতে ঘোড়ার পিঠে চড়ে বিয়ের আসরে ঢোকার সময় লুটিয়ে পড়েন বর প্রদীপ জাট (২৬)।

ভিডিওতে দেখা যায়, ঘোড়ায় চড়ে নাচতে নাচতে আচমকাই তিনি ঘোড়ার সামনে ঝুঁকে পড়েন এবং লুটিয়ে যান। প্রথমে উপস্থিত জনতা বিষয়টি খেয়াল না করলেও, পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রদীপকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, কার্ডিয়াক অ্যারেস্টেই মৃত্যু হয়েছে কংগ্রেসের এই প্রাক্তন যুবনেতার।