বিহারে বড় ধাক্কা লালু পরিবারের! নিরাপত্তা প্রত্যাহার ঘিরে রাজনৈতিক ডামাডোল তুঙ্গে

বিহারের রাজনীতিতে বড়সড় চমক। রাজ্যের ভিআইপি-দের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করে নিল বিহার সরকার। সরকারি এই সিদ্ধান্তের পরেই যেন ঘি পড়ল রাজনৈতিক আগুনে। নিরাপত্তার এই রদবদলকে ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে লালু পরিবার।

নিরাপত্তা বাহিনী ফেরালেন লালু-রাবড়ি সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকালেই বড় পদক্ষেপ নিয়েছেন প্রাক্তন এই দম্পতি। রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন বিকল্প নিরাপত্তা ব্যবস্থা বা বাহিনী তাঁদের সরকারি বাসভবনে পাঠানো হয়েছিল, তা গ্রহণ করতে অস্বীকার করেন লালু প্রসাদ যাদব ও রাবড়ি দেবী। রীতিমতো ক্ষোভের সাথেই তাঁরা ওই বাহিনীকে ফিরিয়ে দিয়েছেন বলে খবর।

লাঠি হাতে পথে আরজেডি প্রাক্তন মুখ্যমন্ত্রীদের নিরাপত্তা প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়তেই আরজেডি কর্মীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার সকাল থেকেই পাটনায় লালু প্রসাদের বাসভবনের বাইরে ভিড় জমান দলীয় কর্মীরা। সূত্রের খবর, তাঁদের হাতে দেখা গেছে লাঠি। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দলীয় সুপ্রিমোর সুরক্ষার প্রশ্নে আরজেডি কর্মীরা যেভাবে পথে নেমেছেন, তাতে যেকোনো মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

কেন এই সিদ্ধান্ত? যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে একে ‘নিরাপত্তা পর্যালোচনার’ অংশ হিসেবে দাবি করা হয়েছে, তবে রাজনৈতিক মহলে এটি নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে। বিরোধীরা একে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করছেন। আগামী দিনে লালু প্রসাদ যাদবের নিরাপত্তা নিয়ে বিহার রাজনীতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy