বিস্ফোরক প্রসেনজিৎ! জল্পনার অবসান ঘটিয়ে নবান্নে গিয়ে কী বললেন ‘বুম্বাদা’?

রাজ্যসভায় দলবদল আর রাজনীতির উত্তপ্ত আবহের মধ্যেই বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গেলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, অন্যদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে একান্ত বৈঠক— সব মিলিয়ে প্রসেনজিতের পরবর্তী পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা। তবে কি বিজেপিতে যোগ দিচ্ছেন ‘বুম্বাদা’? সমস্ত জল্পনায় ইতি টানলেন অভিনেতা নিজেই।
রাজনৈতিক যোগদানের গুঞ্জন উড়িয়ে প্রসেনজিৎ সাফ জানালেন, “রাজনীতিতে আসার বিষয়ে কোনও আলোচনা হয়নি। আমি কোটিবার বলেছি, রাজনীতিতে আসার কোনও ইচ্ছে নেই। তবে সিস্টেমের মধ্যে থেকে মানুষের সঙ্গে সম্পর্ক রাখা এবং সরকারি বিভিন্ন কাজের প্রয়োজনে তো প্রশাসনের শীর্ষ কর্তার সঙ্গে যোগাযোগ রাখতেই হয়। সেই চেয়ারের প্রতি সম্মান জানিয়েই আজ আমার এখানে আসা।”
নবান্নে কোন বিষয়ে আলোচনা হলো?
বৈঠকের মূল বিষয়বস্তু সম্পর্কে অভিনেতা জানান, মূলত টলিউড ইন্ডাস্ট্রি এবং মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ উদযাপনের পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, “উত্তম জেঠু বাঙালির আবেগ। আগামী দিনে তাঁকে নিয়ে আমাদের বড় পরিকল্পনা রয়েছে। এছাড়া ইন্ডাস্ট্রির সুবিধা-অসুবিধা এবং বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা হয়, আজ তেমনই কিছু বিষয়ে কথা হয়েছে।”
সরকারি কোনো দায়িত্ব কি পাচ্ছেন?
অভিনেতার স্পষ্ট বক্তব্য, আপাতত সরকারি কোনো বিশেষ দায়িত্ব তাঁকে দেওয়া হয়নি। তবে ইন্ডাস্ট্রির উন্নয়নের স্বার্থে কোনো কমিটিতে থাকা বা পরামর্শ দেওয়ার প্রয়োজন হলে তিনি যে অবশ্যই পাশে থাকবেন, সেই ইঙ্গিত দিয়েছেন অভিনেতা। এছাড়া, বিনিয়োগের সম্ভাবনা নিয়ে তিনি জানান, বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে, আশা করা যাচ্ছে আগামী ৩-৪ মাসের মধ্যে তা নিয়ে নতুন কিছু ঘোষণা করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরের সময় প্রসেনজিতের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নবান্নে প্রসেনজিতের এই উপস্থিতি রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে আপাতত যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে প্রসেনজিৎ মনোযোগ দিতে চাইছেন মহানায়কের জন্মশতবার্ষিকীর আয়োজনেই।