‘বিষাক্ত’ রাসায়নিকের ছায়া! তেলঙ্গানায় নিষিদ্ধ আরো দুটি কাফ সিরাপ

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি থেকে তেলঙ্গানায় পাঠানো এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এই দুটি সিরাপে নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত ডাইথাইলিন গ্লাইকোল (DEG) মেশানো রয়েছে। এই রাসায়নিকটি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এর ফলে কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে। এই রিপোর্ট পাওয়ার পরই নড়েচড়ে বসেছে তেলঙ্গানা সরকার। রাজ্যের স্বাস্থ্য দপ্তর দ্রুত এই দুই সিরাপের ব্যবহার বন্ধ করার জন্য নির্দেশিকা জারি করেছে।

কাফ সিরাপ বিতর্কের মূলে কী?
মধ্যপ্রদেশে এই বিষাক্ত Coldrif সিরাপ খেয়ে ইতিমধ্যেই ২০টি শিশুর প্রাণহানির খবর মিলেছে। পাশাপাশি, চিন্নাওয়াড়াতেও আরও ৬ জন শিশু অসুস্থ হয়েছে, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এর পরই ভারত সরকার সারা দেশে Coldrif সিরাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, এই সিরাপগুলিতে উচ্চ মাত্রায় ডাইথাইলিন গ্লাইকোল ব্যবহার করা হয়েছিল। এর জেরেই শিশুদের কিডনি বিকল হয়ে মৃত্যু হয়। এই ঘটনার তদন্তের জন্য মধ্যপ্রদেশ সরকার ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে।

দেশের এই কাফ সিরাপ বিতর্ক আন্তর্জাতিক স্তরেও উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই ঘটনায় ভারত সরকারের কাছে জানতে চেয়েছে, কোল্ডরিফ সিরাপ ঠিক কোন কোন দেশে পাঠানো হয়েছে। WHO দ্রুত World Medical Product Alert জারি করে এই সিরাপের ব্যবহার বন্ধের এবং শিশু মৃত্যুর আশঙ্কা এড়ানোর ব্যবস্থা নিতে বলেছে।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও জরুরি বৈঠক করে এই ধরনের বিতর্কিত সিরাপগুলির ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে।