বিশ্বের তেলের ভাণ্ডার ভেনেজুয়েলা নয়, পেট্রোলের দামের নিরিখে শীর্ষে কে? জানলে অবাক হবেন

দেশজুড়ে পেট্রোলের দাম নিয়ে আমজনতার নাভিশ্বাস ওঠা নতুন কিছু নয়। ভারতে যেখানে পেট্রোলের দাম ১০০ টাকার গণ্ডি পার করে, সেখানে বিশ্বের এমন একটি দেশ আছে যেখানে জ্বালানির দাম শুনলে আপনি অবাক হবেন। সেখানে মাত্র ২ টাকা (ভারতীয় মুদ্রায় প্রায় ২.১৭ টাকা) দিলেই মিলছে এক লিটার পেট্রোল!
কোথায় মেলে এই সস্তা পেট্রোল? অনেকেরই ধারণা, বিশ্বের বৃহত্তম তেল ভাণ্ডারের মালিক ভেনেজুয়েলা বা তৃতীয় বৃহত্তম তেল মজুতকারী দেশ ইরানই হয়তো পেট্রোলের দামে শীর্ষে। কিন্তু সেই ধারণা ভুল। বিশ্বের সবথেকে সস্তা পেট্রোল পাওয়া যায় লিবিয়া-তে। সেখানে প্রতি লিটার পেট্রোলের দাম মাত্র ০.০২৩ মার্কিন ডলার। লিবিয়ার পর দ্বিতীয় স্থানে রয়েছে ইরান এবং তৃতীয় স্থানে ভেনেজুয়েলা।
লিবিয়ায় দাম এত কম কেন? লিবিয়ার জনসংখ্যার ৪০ শতাংশের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করলেও, সরকার জ্বালানির ওপর ব্যাপক ভর্তুকি দেয়। আর সেই কারণেই দেশটিতে পেট্রোলের দাম বিশ্বের সবথেকে নিচে।
ভারতে দাম কেন এত বেশি? ভারতের জ্বালানি চাহিদার ৯০ শতাংশেরও বেশি বিদেশ থেকে আমদানির ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে সরাসরি তার প্রভাব পড়ে দেশের বাজারে। এছাড়া পরিবহন খরচ, শুল্ক ও বিভিন্ন ট্যাক্সের কারণে সাধারণ মানুষের কাছে পেট্রোলের দাম ১০০ টাকার ওপরে পৌঁছে যায়। বিশেষ করে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির ফলে তেলের আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
সমাধানের পথে কেন্দ্র: পেট্রোলের ওপর নির্ভরতা কমাতে কেন্দ্রীয় সরকার এখন ‘ইথানল ব্লেন্ডিং’-এর ওপর জোর দিচ্ছে। পেট্রোলের সঙ্গে ইথানল মিশিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করলে একদিকে যেমন দূষণ কম হবে, তেমনি বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। বর্তমানে সরকার পেট্রোলের সাথে ইথানল মিশ্রণের পাশাপাশি ১০০ শতাংশ ইথানল ব্যবহারের অনুমতিও দিয়েছে।
একদিকে যখন বিশ্ববাজারে তেলের দাম নিয়ে অস্থিরতা চলছে, তখন লিবিয়ার এই ২ টাকার পেট্রোলের খবর সাধারণ মানুষের কাছে এক অদ্ভুত বিস্ময় হয়ে দাঁড়িয়েছে।