বিশ্বজয় করে ঘরে ফিরলেন বাংলার মেয়ে রিচা ঘোষ! ‘শিলিগুড়িতে আরও স্টেডিয়াম চাই’, আক্ষেপ তারকা ক্রিকেটারের

সদ্য সমাপ্ত মহিলা বিশ্বকাপের ট্রফি জয় করে অবশেষে ঘরের শহর শিলিগুড়িতে ফিরলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh)। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর নয়াদিল্লি থেকে আজ শিলিগুড়িতে পা রাখলেন তিনি।

বাগডোগরা বিমানবন্দরে রিচাকে অভ্যর্থনা জানাতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। ফুলে মোড়া, হুড খোলা জিপে করে তাঁকে নিয়ে যাওয়া হয় বাড়ির দিকে।

ঝুলন বন্দনা ও বাবা-মায়ের অবদান
শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে বিশ্বজয়ী রিচার মুখে ছিল বাংলার আর এক কিংবদন্তী ক্রিকেটারের প্রশংসা। তিনি বলেন, “ঝুলন গোস্বামী (Jhulan Goswami) ভারতীয় দলের হিরো, সবসময় আমাকে সাপোর্ট করেছে।”

নিজের সাফল্যের কৃতিত্ব পরিবারকে দিয়ে রিচা বলেন, “আমার পরিবার আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে। আমার সাফল্যে বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি।”

শিলিগুড়ির পরিকাঠামো নিয়ে আক্ষেপ
শিলিগুড়ির বাঘাযতীন অ্যাথলেটিক্স ক্লাবে প্রথম ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল রিচার। সেখানেই এদিন তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। তবে শহর শিলিগুড়িতে ক্রিকেটের পরিকাঠামো নিয়ে আক্ষেপের সুর শোনা গেল রিচার গলায়।

তিনি বলেন, “শিলিগুড়িতে ক্রিকেট খেলার জন্য একটি স্টেডিয়াম প্রয়োজন। আমার কোচেরা সবসময় আমার পাশে থেকেছেন। কিন্তু এখানে পরিকাঠামোর আরও উন্নতি দরকার। আমাকে কলকাতায় গিয়ে অনুশীলন সারতে হয়েছে।” ক্রিকেট খেলার জন্য আরও স্টেডিয়াম তৈরি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

পরবর্তী লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ
নিজের বিশ্বজয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রিচা বলেন, “দেশের জার্সিতে খেলার স্বপ্ন ছিল। বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত। বিশ্বজয়ের পিছনে অনেক হার্ড ওয়ার্ক ছিল। আমার মনের মধ্যে ছিল কোয়ালিফাই করলে কেউ আটকাতে পারবে না।”

নিজের পরবর্তী লক্ষ্য নিয়ে কথা বলতে গিয়ে এই তারকা ব্যাটার জানান, “টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাই এখন লক্ষ্য।” তিনি আরও বলেন যে জয় শাহ ও বিসিসিআই মহিলাদের উৎসাহ দিয়েছে, এবং দলগত পারফরম্যান্সের কারণেই এই জয় সম্ভব হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটি তাঁর সেরা পারফরম্যান্স ছিল বলেও জানান রিচা।