বিরাট জ্বালানি ভাণ্ডারের খোঁজ মিলল রাজ্যে, সংসদে জানাল কেন্দ্র! কোথায় রয়েছে সেই গুপ্তধন?

পশ্চিমবঙ্গের ভাগ্যে যেন লটারি লেগেছে! উত্তর ২৪ পরগনার কাঁকপুল এবং নদীয়ার রানাঘাটে বিশাল দুটি নতুন তেল ও গ্যাস ব্লকের সন্ধান মিলেছে, যার আনুমানিক মূল্য ৪১ হাজার কোটি টাকারও বেশি। এই সুখবর সংসদেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার, যা রাজ্যজুড়ে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।
জানা গেছে, সম্প্রতি আবিষ্কৃত এই দুটি ব্লক থেকে আনুমানিক ০.৯৮ মিলিয়ন মেট্রিক টন তেল সমতুল্য জ্বালানি শক্তি পাওয়া যাবে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪১,০৭০ কোটি টাকা। এই বিশাল জ্বালানি ভাণ্ডারের খোঁজ মিলেছে ONGC-এর অধীনে WB-ONN-2005/4 নম্বর ব্লকে।
গত ২১শে জুলাই রাজ্যসভায় পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য্য রাজ্যের জ্বালানি সম্পদ নিয়ে প্রশ্ন উত্থাপন করেছিলেন। তাঁর সেই প্রশ্নের উত্তরেই পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়।
এই বিপুল জ্বালানি ভাণ্ডারের আবিষ্কার পশ্চিমবঙ্গের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে রাজ্যের আয় যেমন বৃদ্ধি পাবে, তেমনই কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। একইসঙ্গে, দেশের সামগ্রিক জ্বালানি শক্তির ভাণ্ডারও আরও সমৃদ্ধ হবে, যা জাতীয় সুরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই আবিষ্কার পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য এক নতুন আশার আলো দেখাচ্ছে।