‘বিয়ের সম্পর্ক’, ‘সন্তান’ বাধা হয়ে দাঁড়াচ্ছিল! বাবার ফোনের রেকর্ডিং ধরিয়ে দিল মা-কে, তামিলনাড়ু কাণ্ডে চাঞ্চল্যকর মোড়

তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায় সম্প্রতি ঘটে যাওয়া এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা। ৬ মাসের শিশুপুত্রের অস্বাভাবিক মৃত্যুতে সন্দেহ দানা বাঁধতেই তদন্তে নামে পুলিশ। বাবার অভিযোগের ভিত্তিতে শিশুটির মা-কে গ্রেফতার করার পর উঠে এল এক চরম সত্য। জানা যায়, বিবাহ বহির্ভূত ‘সম্পর্ক’ বজায় রাখতে শিশুপুত্রকে শ্বাসরোধ করে খুন করেছেন জন্মদাত্রী মা। এই ঘটনায় সহযোগী হিসেবে গ্রেফতার করা হয়েছে তাঁর এক মহিলা সঙ্গীকেও।
অসুস্থতা নয়, শ্বাসরোধ করে খুন!
ঘটনাটি গত ৫ নভেম্বরের। সুরেশ ও ভারতীর ৬ মাসের শিশুপুত্র হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ভারতী দাবি করেন, স্তন্যপান করানোর সময় শিশুটি অজ্ঞান হয়ে যায়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রথমে এটিকে ‘অস্বাভাবিক মৃত্যু’ ধরে নিয়ে ময়না তদন্ত ছাড়াই পারিবারিক জমিতে শিশুটিকে কবর দেওয়া হয়।
তবে কয়েক দিন পর সন্দেহ হয় বাবা সুরেশের। তিনি পুলিশের কাছে অভিযোগ করেন যে, তাঁর ছেলের মৃত্যু স্বাভাবিক নয়, তাকে খুন করা হয়েছে। সুরেশ জানান, ভারতীর ফোনে কিছু ছবি, মেসেজ ও ভিডিও দেখে তিনি জানতে পারেন যে, তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে সুমিত্রা নামে এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত ছিলেন। সুরেশের দাবি, এই সম্পর্ক নিয়ে চাপের কারণেই শিশুটিকে খুন করা হয়েছে।
তদন্তে মিলল প্রমাণ: কবরের দেহেই খুলল রহস্য
অভিযোগ পাওয়ার পর পুলিশ শিশুটির দেহ কবর থেকে তুলে এনে পুনরায় ময়না তদন্ত করে। রিপোর্টে উল্লেখ করা হয়, শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এরপরই পুলিশ ভারতী ও তাঁর মহিলা সঙ্গী সুমিত্রাকে গ্রেফতার করে।
পুলিশি জেরায় ভারতী স্বীকার করেন, তিনি স্বামী ও সন্তানের সঙ্গে থাকতে চাইছিলেন না। তাঁর দাবি ছিল, স্বামীও তাঁর খেয়াল রাখতেন না বা কোনো আর্থিক সাহায্য করতেন না।
পুলিশের তদন্তে উঠে আসে, ভারতী ও সুমিত্রা প্রায় তিন বছর ধরে সম্পর্কে ছিলেন। কিন্তু সন্তানের জন্মের পর তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়, যা মানসিক চাপের জন্ম দেয়। পুলিশের অনুমান, এই মানসিক চাপ থেকেই এমন চরম ঘটনা ঘটেছে। সুরেশ পুলিশের হাতে একটি ফোন রেকর্ডিং-ও তুলে দিয়েছেন, যেখানে ভারতীকে তাঁর সন্তানকে খুনের কথা স্বীকার করতে শোনা যায়।
বর্তমানে ধৃত দুই মহিলা পুলিশের হেফাজতে রয়েছেন। এই ঘটনা তামিলনাড়ুতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।