ছাত্র আন্দোলনে লাঠিচার্জ নয়! প্রতিবাদ নিয়ে সুপ্রিম কোর্টের কড়া মন্তব্যে চাঞ্চল্য

পেপারলিকের বিরুদ্ধে দেশজুড়ে ছাত্র বিক্ষোভ দমনে পুলিশের অতিসক্রিয়তা নিয়ে এবার কড়া অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ সাফ জানিয়েছে, শান্তিপূর্ণ ও আইনি উপায়ে প্রতিবাদ করা ভারতের সংবিধান দ্বারা সুরক্ষিত একটি মৌলিক অধিকার। শুধুমাত্র বিক্ষোভ হচ্ছে এই অজুহাতে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ বা মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ কোনোভাবেই বরদাস্ত করা যায় না।
আদালত জানিয়েছে, পুলিশি জুলুমের প্রতিটি অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। পাশাপাশি, সারা দেশে এ ধরনের আন্দোলন সামলাতে একটি অভিন্ন পুলিশ প্রোটোকল বা নির্দেশিকা থাকা আবশ্যক। বিচারপতির বেঞ্চ আরও উল্লেখ করেছে যে, আইনশৃঙ্খলা রক্ষার নামে সাধারণ নাগরিক বা পুলিশকর্মী—উভয়পক্ষের আঘাত পাওয়াই সমান উদ্বেগের বিষয়। আগামী দিনে এই সংক্রান্ত সমস্ত মামলার একসঙ্গে শুনানি হবে।