২০২৬ বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে উঠতেই দক্ষিণ ২৪ পরগনায় নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া ঘাসফুল শিবির। আজ সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এক বিশাল জনসভায় যোগ দিচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়নগর বিধানসভার গড়দোয়ানি মোল্লারচক এইচপি পেট্রোল পাম্প সংলগ্ন মাঠে এই মেগা সভার আয়োজন করা হয়েছে। জয়নগরের প্রার্থী বিশ্বনাথ দাস এবং মন্দিরবাজারের প্রার্থী জয়দেব হালদারের সমর্থনে সুর চড়াবেন অভিষেক।
জয়নগরের লড়াই ও বিশ্বনাথ দাসের হ্যাটট্রিক লক্ষ্য:
একটা সময় জয়নগর ছিল এসইউসিআই (SUCI)-এর অপরাজেয় দুর্গ। কিন্তু ২০১৬ সালে সেই গড়ে প্রথমবার ঘাসফুল ফুটিয়ে ইতিহাস তৈরি করেছিলেন বিশ্বনাথ দাস। ২০২১ সালেও জয়ের ধারা বজায় রাখেন তিনি। এবারও তাঁর অভিজ্ঞতার ওপরই ভরসা রেখেছে দল। তবে লড়াই সহজ নয়; তাঁর বিপরীতে রয়েছেন বিজেপির অলোক হালদার, কংগ্রেসের তাপস কুমার বৈদ্য এবং সিপিআই(এম)-এর অপূর্ব প্রামাণিক। চতুর্মুখী এই লড়াইয়ে জয়ের ধারা বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ।
মন্দিরবাজারে জয়দেবের দাপট:
অন্যদিকে, ২০১১ সাল থেকেই মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রটি তৃণমূলের ‘সেফ জোন’ হিসেবে পরিচিত। জয়দেব হালদারের হাত ধরেই এখানে পরিবর্তনের সূচনা হয়েছিল। গত তিনটি নির্বাচনে টানা জিতে আসা জয়দেব এবারও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। দক্ষিণ ২৪ পরগনার এই দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে কর্মীদের চাঙ্গা করতে এবং ভোটারদের সামনে উন্নয়নের খতিয়ান তুলে ধরতেই আজ ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের এই সভা থেকে তিনি বিজেপি ও বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে কী আক্রমণ শানান, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।





