বিজেপি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা! বলিউডের ‘ডাকসাইটে’ অভিনেত্রী জয়াপ্রদা কেন রামমোহন সম্মিলনীর পুজোয় ‘নস্টালজিয়া’ ফেরালেন?

পুজোর আবহে উত্তর কলকাতার রামমোহন সম্মিলনীর ‘শারদীয়া উৎসব’ এবার মাতালেন বলিউডের ‘ডাকসাইটে’ অভিনেত্রী জয়াপ্রদা। পঞ্চমীর সন্ধ্যায় অভিনেত্রীর মনোমুগ্ধকর নৃত্যের ঝলক সমাজমাধ্যমে তুলে ধরেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। শুধু তাই নয়, কুণাল তাঁর ‘এক্স’ (X)-এর পোস্টে জয়াপ্রদার মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটি ‘আনটোল্ড স্টোরি’ও জানিয়েছেন।
মমতার প্রতি ‘ভালোবাসা’ ও ‘চটজলদি স্কেচ’
জয়াপ্রদা এদিন অকপটে স্বীকার করেন, রাজনৈতিক দল আলাদা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা একই রকম রয়েছে। সেইসঙ্গে অভিনেত্রী শোনালেন লোকসভার সাংসদ থাকাকালীন এক বিশেষ মুহূর্তের কথা।
জয়াপ্রদা বলেন, একদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ডেকে সংসদের মধ্যেই চটজলদি তাঁর স্কেচ এঁকে দিয়েছিলেন। সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমার সেদিন চুল খোলা ছিল। মমতাদির ওই চটজলদি আঁকা সুন্দর ছবিটা কখনও ভুলব না।”
কুণালের অনুরোধে নাচলেন হিট নায়িকা
কুণাল ঘোষের তত্ত্বাবধানে উত্তর কলকাতার রামমোহন সম্মিলনির পুজো বরাবরই দর্শকদের কাছে ‘হিট’। এবার জয়াপ্রদার হাত ধরে পুজো মণ্ডপে ফিরল ৮০-এর নস্টালজিয়া। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ জয়াপ্রদা পঞ্চমীর সন্ধ্যায় কুণাল ঘোষের অনুরোধেই বিখ্যাত ‘ডাফলিওয়ালা’ গানের তালে পাড়া মাতিয়ে মঞ্চে নাচেন। মণ্ডপে উপস্থিত সকলে মুগ্ধ হয়ে সেই নাচ উপভোগ করেন।
অভিনেত্রীকে অভিবাদন জানিয়ে কুণাল ঘোষ বলেন, “বলিউডে অনেক নায়িকাই হিট, তাঁদের শ্রদ্ধা করি। কিন্তু সবচেয়ে সুন্দর আপনিই”। এই তারকাখচিত উদ্বোধনের ফলে এবারের রামমোহন সম্মিলনীর পুজো শুরু থেকেই শিরোনামে চলে এল।