“এটা জুবিনের অসম, নেপাল হতে দেব না!”—গায়ক জুবিন গর্গের মৃত্যু নিয়ে সহিংসতা, হুঁশিয়ারি হিমন্তর

অসমের আইকন, জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যমৃত্যুর এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও উত্তেজনা থামছে না। বিশেষ তদন্তকারী দল (SIT) এই ঘটনার তদন্ত চালাচ্ছে। তবে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে যুবসমাজের একাংশের মধ্যে সহিংস আচরণের সম্ভাবনা দেখেই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
শনিবার মুখ্যমন্ত্রী জুবিনের অনুরাগীদের ধৈর্য ধরার আবেদন জানিয়ে সাম্প্রতিক নেপালের অশান্তির প্রসঙ্গ টেনে বলেন, “এটা জুবিনের অসম, একে নেপাল হতে দেব না। গর্গের জন্য ন্যায়বিচার পেতে অস্থিরতা, সহিংসতা কাম্য নয়।” তিনি আগেই জানিয়েছিলেন, SIT তদন্তে সন্তুষ্ট না হলে জুবিন গর্গের রহস্যমৃত্যুর তদন্তভার তুলে দেওয়া হবে সিবিআইয়ের হাতে।
তদন্তে অগ্রগতি:
তদন্তের অগ্রগতি সম্পর্কে মুখ্যমন্ত্রী বিশ্বশর্মা জানান, সিঙ্গাপুর নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের আয়োজক শ্যামাকানু মহন্ত এবং জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে। একইসঙ্গে, অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।
অন্যদিকে, SIT সূত্রে খবর, ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দেবজ্যোতি হাজারিকা, তন্ময় ফুকন, ভাস্কর দত্ত, ওয়াজিদ আহমেদ, সিদ্ধার্থ বোরা, অভিমন্যু তালুকদার, রূপকমল সাইকিয়া এবং পরীক্ষ শর্মা-সহ আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। জুবিনের ম্যানেজার এবং সিঙ্গাপুরের ফেস্টিভ্যাল আয়োজকের বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁদের বিরুদ্ধে সমনও পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয় গায়ক জুবিন গর্গের। প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল, সাঁতার কাটতে নেমেই তাঁর মৃত্যু হয়।