বিজেপির ৩০ বছরের দুর্গে বড় ধস! প্রথমবার ভোটে নেমেই বাঁকীপুরে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর

সোমবার দেশজুড়ে হওয়া উপনির্বাচনের ফলাফলে রাজনীতিতে এক বড়সড় উলটপুরাণ দেখা গেল। একদিকে ভোটকুশলী থেকে পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে ওঠা প্রশান্ত কিশোরের দল ‘জন সুরাজ পার্টি’ বিহারের বাঁকীপুর কেন্দ্রে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল, অন্যদিকে মধ্যপ্রদেশের দতিয়া আসনটিতেও বড় ধাক্কা খেয়েছে বিজেপি। তবে স্বস্তির খবর বলতে গুজরাতের মঞ্জলপুর আসনটি নিজেদের দখলেই রেখেছে গেরুয়া শিবির।

বাঁকীপুরে পিকের ঐতিহাসিক মার্জিন

বিহারের বাঁকীপুর আসনটিকে এতদিন বিজেপির সুরক্ষিত ‘স্ট্রংহোল্ড’ বা দুর্গ হিসেবেই ধরা হতো। ১৯৯৫ সাল থেকে গত ৩০ বছর ধরে এই আসনটি বিজেপির দখলেই ছিল। বিগত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে বর্তমান বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন জয়লাভ করেছিলেন। তিনি রাজ্যসভায় চলে যাওয়ার পর হওয়া এই উপনির্বাচনে প্রথমবার নিজে প্রার্থী হয়ে মাঠে নেমেছিলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)।

বিকেল ৪টে পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, ১৫ হাজার ৮৬৪ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন পিকে। বাঁকীপুরের মতো বিত্তশালী ও শিক্ষিত মধ্যবিত্ত অধ্যুষিত এলাকায় প্রশান্তর প্রায় ৫০ শতাংশ ভোট পাওয়া এবং এই ঐতিহাসিক জয় আগামী দিনের বিহার রাজনীতিতে বড় ধরনের হাওয়াবদলের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই জয়ে ‘জন সুরাজ পার্টি’-র সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে।

মধ্যপ্রদেশেও পিছিয়ে বিজেপি

শুধু বিহারই নয়, মধ্যপ্রদেশের দতিয়া উপনির্বাচন কেন্দ্র থেকেও অস্বস্তির খবর এসেছে বিজেপির জন্য। ১০ রাউন্ড গণনার পর সেখানে কংগ্রেসের প্রার্থী ঘনশ্যাম সিংহ প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। যদিও এখনও ৫ রাউন্ড গণনা বাকি, তবুও এই ফলাফল শাসক শিবিরকে নতুন করে ভাবাচ্ছে। অন্যদিকে, গুজরাতের মঞ্জলাপুর আসনে অবশ্য বিজেপি প্রার্থী সতীশ পটেল এগিয়ে থাকায় সেখানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দল।