আড়াই কোটি টাকার বিলাসবহুল দানব! ভারতে আসছে চোখধাঁধানো ফিচারের রেঞ্জ রোভার স্পোর্ট ইলেকট্রিক

অটোমোবাইল বাজারে বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় আরও এক বিরাট চমক নিয়ে হাজির হলো জনপ্রিয় ব্রিটিশ ব্র্যান্ড জাগুয়ার ল্যান্ড রোভার (JLR)। সংস্থার জনপ্রিয় লাইনআপে এবার সংযোজিত হলো তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি—রেঞ্জ রোভার স্পোর্ট ইলেকট্রিক (Range Rover Sport Electric)। এর আগে রেঞ্জ রোভার ইলেকট্রিক লঞ্চ হলেও, স্পোর্টস ক্যাটাগরিতে এটিই তাদের প্রথম ইভি। ইতিমধ্যে ভারতের বাজারে এই মারকাটারি গাড়িটির বুকিংও শুরু হয়ে গেছে।

তাক লাগানো পাওয়ার এবং পারফরম্যান্স

নতুন এই বৈদ্যুতিক এসইউভি (SUV) গাড়িটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ডুয়েল মোটর সেটআপ এবং অল-হুইল ড্রাইভ (AWD) সিস্টেম। জেএলআর (JLR) সূত্রে জানানো হয়েছে, এই বৈদ্যুতিক মডেলটি তাদের ঐতিহ্যবাহী শক্তিশালী রেঞ্জ রোভার স্পোর্ট ভি-৮ (V8) ইঞ্জিনের সমকক্ষ পাওয়ার জেনারেট করতে সক্ষম। গাড়িটির ডুয়েল ইলেকট্রিক মোটর সম্মিলিতভাবে ৫৪২.৪ বিএইচপি (bhp) পর্যন্ত শক্তি এবং ৮৫০ এনএম (Nm) টর্ক উৎপন্ন করতে পারে, যা চালককে দেবে এক রোমাঞ্চকর ড্রাইভিং অভিজ্ঞতা।

ভারত লঞ্চ ও আনুমানিক দাম

অটোমোবাইল বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, বহুল প্রতীক্ষিত এই রেঞ্জ রোভার স্পোর্ট ইলেকট্রিক গাড়িটি আগামী ২০২৭ সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ করা হতে পারে। গাড়িটি সম্পূর্ণ বিল্ট-ইন ইমপোর্ট (CBU) হিসেবে ভারতে বিক্রির সম্ভাবনা রয়েছে। যদিও ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি (FTA)-এর ক্ষেত্রে কোনো শুল্ক বা ট্যারিফ কনসেশনের সুবিধা পাওয়ার সম্ভাবনা নেই। গাড়িটির আনুষ্ঠানিক দাম এখনও ঘোষণা করা না হলেও, বাজার বিশেষজ্ঞদের অনুমান—এর আনুমানিক দাম আড়াই কোটি টাকার আশপাশে হতে পারে।