মাঝ আকাশে রক্তারক্তি ককাণ্ড! ককপিটে ছুরি হাতে কো-পাইলট, ১৮০ যাত্রীর জীবন বাঁচিয়ে আর এক ৯/১১ রুখলেন ভারতীয় যুবক

মাঝ আকাশে এক ভয়াবহ নাশকতার ছক ব্যর্থ করে দিয়ে খবরের শিরোনামে চলে এলেন এক ভারতীয় যুবক। ফ্লাইদুবাইয়ের (FlyDubai) একটি বিমানে ককপিটের ভেতরে ঘটে যাওয়া রক্তারক্তি কাণ্ডে প্রায় ১৮০ জন যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার (Captain Smit Machchhar)। তাঁর অসীম সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধির কারণেই বড় ধরনের একটি বিমান দুর্ঘটনা তথা ৯/১১ এর মতো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব হয়েছে।
ঠিক কী ঘটেছিল মাঝ আকাশে?
রবিবার সংযুক্ত আরব আমিরশাহির দুবাই থেকে ইজ়রায়েলের তেল আভিভ যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ (Boeing 737 Max 8) বিমানটি। বিমানে প্রায় ১৮০ জন যাত্রী সওয়ার ছিলেন। হঠাৎ করেই বিমানটি প্রচণ্ড গতিতে নিচের দিকে নামতে শুরু করে এবং চোখের পলকে প্রায় ১৮ হাজার ফুট নিচে নেমে আসে। পরিস্থিতি বেগতিক দেখে এয়ার ট্রাফিক কন্ট্রোলে (ATC) বিমান হাইজ্যাক হওয়ার বার্তা চলে যায়।
পরে জানা যায়, বিমানের ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে ভয়াবহ ধস্তাধস্তি ও মারামারি শুরু হয়েছিল। অভিযুক্ত কো-পাইলট অপর পাইলটকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন, যার ফলে ককপিট রক্তে ভেসে যায়। বিমানটি জোরপূর্বক আছড়ে ফেলার পরিকল্পনা ছিল বলে অভিযোগ উঠেছে। ইজ়রায়েলের গুপ্তচর সংস্থা ‘মোসাদ’ (Mossad) এই ঘটনার নেপথ্যে নাশকতার বড় কোনো ছক ছিল বলে আশঙ্কা প্রকাশ করেছে, কারণ বিমানটির বেশিরভাগ যাত্রীই ছিলেন ইজ়রায়েলি নাগরিক। অভিযুক্ত পাইলট ওমানের নাগরিক বলে জানা গেছে এবং তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
ভারতীয় পাইলট স্মিত মচ্ছারের সাহসিকতা
এই চরম সংকটময় মুহূর্তে পরম সাহসিকতার পরিচয় দেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার। ককপিটে সহকর্মী কো-পাইলটের অস্বাভাবিক ও সন্দেহজনক আচরণ দেখে এক মুহূর্তও দেরি না করে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন স্মিত। অভিযুক্তকে নিবৃত্ত করার চেষ্টা করার সময় ধস্তাধস্তির মাঝে স্মিতের শরীর ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায়। তাঁর জামা রক্তে ভিজে গেলেও তিনি এক মুহূর্তের জন্যও হাল ছাড়েননি।
তাঁর এই চরম লড়াইয়ের শব্দ শুনে অন্য বিমানকর্মী ও যাত্রীরা ককপিটের দিকে ছুটে আসেন এবং সকলে মিলে যৌথভাবে অভিযুক্তকে কাবু করেন। পরবর্তীতে দুই যাত্রী, যাঁরা পেশায় নিজেরাও পাইলট, তাঁরা পরিস্থিতি সামাল দিয়ে বিমানটিকে নিরাপদে জরুরি অবতরণ করান। যাত্রীরা স্পষ্টতই জানিয়েছেন, স্মিত মচ্ছার নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই পরিস্থিতিতে রুখে না দাঁড়ালে ইতিহাসের পাতায় আরও একটি ৯/১১-এর মতো মর্মান্তিক ট্র্যাজেডি ঘটে যেত।
অভিজ্ঞ পাইলট স্মিত মচ্ছার
সাহসী এই ভারতীয় পাইলট ২০২২ সালের জুন মাস থেকে ফ্লাইদুবাই সংস্থায় কাজ করছেন। এর আগে তিনি দীর্ঘ ১১ বছর ধরে স্পাইসজেট (SpiceJet)-এর বিমান পরিচালনা করেছেন। লিংকডইন-এর তথ্য অনুযায়ী, স্মিতের মোট ৯,৭৫০ ঘণ্টা বিমান ওড়ানোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে তিনি স্পাইসজেটে পাইলট-ইন-কম্যান্ড হিসেবে ৬,৪০০ ঘণ্টা বিমান উড়িয়েছেন। মুম্বাইয়ের ওয়েলিংকার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিগ্রি অর্জন করা স্মিত মচ্ছার এখন বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন।