বিজেপির জাতীয় সহ-সভাপতি মধুছন্দা, কে এই বাঙালি চিকিৎসক যিনি পেলেন বিশাল দায়িত্ব?

বিজেপির নতুন কেন্দ্রীয় কমিটিতে বড়সড় রদবদলের পাশাপাশি বাংলার জন্য এল বড় সাফল্য। গেরুয়া শিবিরের নতুন জাতীয় টিমে জায়গা করে নিলেন বাংলার দুই পরিচিত মুখ—মধুছন্দা কর এবং মনোজ টিগ্গা। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, দলের জাতীয় সহ-সভাপতির অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে চিকিৎসক মধুছন্দা করকে।

পেশায় বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক মধুছন্দা দীর্ঘদিন ধরেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রজীবন থেকেই তিনি আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) সঙ্গে যুক্ত ছিলেন। পোলিং এজেন্ট থেকে শুরু করে বুথ স্তরের নানা কাজ সামলানোর পর, ২০২১ সালে তিনি রাজ্য বিজেপির সহ-সভাপতির দায়িত্ব পান। দীর্ঘদিন ধরে দলের চিকিৎসক সংগঠনের কাজ সফলভাবে সামলানোর পাশাপাশি কলকাতা মেডিক্যাল কলেজের এই প্রাক্তনী সমান তালে ডাক্তারি পেশাও চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালের অঙ্কোলজি বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন।

এমন এক গুরুদায়িত্ব কাঁধে পাওয়ার পর আনন্দিত ও আত্মবিশ্বাসী মধুছন্দা কর জানান, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল থেকে পাওয়া এই সুযোগ অত্যন্ত সম্মানের। দল ও কর্মীদের আশীর্বাদে তিনি নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। পাশাপাশি নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি জানান, বিজেপি যে শুধু কথায় নয়, কাজেও বিশ্বাস করে, এই পদ প্রাপ্তি তারই প্রমাণ।

অন্যদিকে, ৩৩ বছর ধরে ক্যানসার চিকিৎসার সঙ্গে যুক্ত থাকা এই চিকিৎসক জানিয়েছেন, সুনির্দিষ্ট পরিকল্পনা ও টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে তিনি ডাক্তারি পেশা এবং দলীয় কাজ—উভয়কেই সমান দক্ষতায় সামলাবেন। বাংলার প্রবাদপ্রতিম চিকিৎসক তথা মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের আদর্শকে সামনে রেখে তিনি এই নতুন চ্যালেঞ্জ সফলভাবে পার করার বিষয়ে আশাবাদী।