“কথা বলতে গিয়ে বেঁকে যাচ্ছিল ঠোঁট!”-হাসপাতালে ভর্তি হয়ে কী আপডেট দিলেন গায়ক রথীজিৎ?

বাংলা সংগীত জগতে বড় ধাক্কা। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন জনপ্রিয় গায়ক ও সুরকার রথীজিৎ ভট্টাচার্য। ‘খাদান’ ছবির ‘কিশোরী’ গান গেয়ে সম্প্রতি রাতারাতি লাইমলাইটে চলে আসা এই শিল্পী হঠাৎই অসুস্থ বোধ করায় তাঁকে তড়িঘড়ি নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি ‘মিনি স্ট্রোক’ বা Transient Ischemic Attack (TIA)-র শিকার হয়েছেন।
জানা গেছে, অসুস্থতার সময় কথা বলতে গিয়ে তাঁর ঠোঁট সামান্য বেঁকে যাচ্ছিল। হাসপাতালে তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানা গিয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট শেয়ার করে গায়ক নিজেই অনুরাগীদের আশ্বস্ত করেছেন যে তিনি এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন এবং খুব শীঘ্রই কাজে ফিরবেন।
এই কঠিন সময়ে তাঁর পাশে ছায়ার মতো ছিলেন তাঁর স্ত্রী। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, গায়ক এখন বাড়ি ফিরেছেন এবং নিয়মমাফিক জীবনযাপন করছেন। চিকিৎসকদের নির্দেশমতো তাঁকে বাইরের খাবার এড়িয়ে চলতে হচ্ছে, প্রতিদিন অন্তত আট ঘণ্টা ঘুমাতে হচ্ছে এবং নিয়মিত ওষুধ খেতে হচ্ছে।
চিকিৎসকদের মতে, মস্তিষ্কের ধমনীতে অল্প সময়ের জন্য রক্ত জমাট বাঁধলে বা চর্বির আস্তরণ জমলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস বা পরিবারে স্ট্রোকের ইতিহাস থাকলে এই ঝুঁকি বাড়ে। মুখের একপাশে দুর্বলতা, অস্পষ্ট কথা বলা, হঠাৎ দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া বা মাথা ঘোরার মতো লক্ষণগুলি স্ট্রোকের সঙ্গেই মিলে যায়।
উল্লেখ্য, বাংলা গানের দুনিয়ায় রথীজিৎ অত্যন্ত পরিচিত মুখ। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-এর অ্যারেঞ্জার ও গ্রুমার হিসেবে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন তিনি। তাঁর সুর করা একাধিক গান শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে, যার মধ্যে সাম্প্রতিক অতীতে ‘কিশোরী’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।